ডেস্ক নিউজ : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রত্যেক নাগরিককে সম্মান দেখাতে হবে। ওমুকে এই দেশের দালাল। তমুকে এই দেশের দালাল। তো এই দেশের কে? সবাই সবাইকে দালাল বললে এই দেশেরটা কে?
বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় জামায়াত আমির আরও বলেন, এই দেশের তো একজনকেও খুঁজে পাওয়া যায় না। এই ধরনের অপ সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। বিশ্বের অন্য কোনো দেশ এতো দালাল উৎপাদন করতে পারছে বলে আমার জানা নেই।
তিনি বলেন, দায়িত্বশীল কোনো ব্যক্তির মুখ থেকে দায়িত্ব জ্ঞানহীন উক্তি জাতি শুনতে চায় না। এখানে এটা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। এটা রিপিট হচ্ছে। আমরা কোনো রিপিটেশন চাইনা। আমরা কোনো নতুন উৎপাতও চাই না। সেগুলো বন্ধ হওয়া উচিত।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, এরা বারো ঘাটের পানি খায়, সকালে এক ঘাটে, দুপুরে আরেক ঘাটে, বিকালে আরেক ঘাটে, রাতে আরেক ঘাটে এবং গভীর রাতে আরেক ঘাটের পানি খায়। ওরা মজাদার পানির সন্ধানে থাকে।
তিনি আরও বলেন, এই পানি খাওয়াটাই তাদের উদ্দেশ্য। এদের অনেকে অস্তিত্বহীন। কিন্তু এখানে এসে আমাকে, আপনাকে তোষামোদ করে নিজের অস্তিত্ব স্টাবিলিষ্ট করছে। এগুলো যদি আমরা বন্ধ করতে পারি সমাজের অনেক সমস্যা আপনা আপনিই ঠিক হয়ে যাবে।
জামায়াত আমির আরও বলেন, আমরা ইন্ডাস্ট্রিতে উন্নতি করতে না পারলেও দালাল ইন্ডাস্ট্রিতে বহু এগিয়ে গেছি। যারা আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করতে চায় তাদের বলি- আগে দালাল ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস করে দাও। ওগুলারে আমাদের দরকার নেই।
আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৪
