স্টাফ রিপোর্টার : আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকার পরিচালক শঁব্রো ফ্রাঁসোয়া (Chambraud Francois) আজ ১৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা আগামী ২৩ নভেম্বর(২০২৬) তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঁদ্রে মালরো গার্ডেনে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও দার্শনিক আঁদ্রে মালরোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ফরাসি দূতাবাস এবং আলিয়ঁস ফ্রঁসেজ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করবে।
উল্লেখ্য, আঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। সে সময় তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোরালো ভূমিকা রাখেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:১২
