বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান

Ayesha Siddika | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ - ০৬:১৮:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রতি আসরেই কোনো না কোনো বাংলাদেশি খেলেন লাহোর কালান্দার্সের হয়ে। সর্বশেষ গ্লোবাল সুপার লিগের জন্য শামীম পাটোয়ারিকে দলে নিয়েছিল লাহোর। এবার তারা বাংলাদেশিদের নিয়ে করছে মাস্টারপ্ল্যান। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা জানিয়েছেন, পিএসএলের আগামী আসরকে সামনে রেখে বাংলাদেশের তরুণ ও উঠতি ক্রিকেটারকে নিয়ে তাদের মাস্টারপ্ল্যান রয়েছে। 

তিনি বলেন, ‘আমাদের প্লানে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আছে। তাদের নাম এখনই আমি বলতে চাই না, তবে এটুকু বলে রাখি তরা বড় তারকা নয়। প্রতিপক্ষ দলও আমার পছন্দের খেলোয়াড়দের নিতে চায়। ইটস অ্যা ফ্যামিলি। মানি ডাজন্ট ম্যাটার। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমার রাডারে আছে। তাদের পিএসএলে দেখবেন।’

লাহোর কালান্দার্সের সর্বশেষ শিরোপা জয়ে ভূমিকা রাখেন বাংলাদেশ দলের তরুণ তারকা পেসার নাহিদ রানা। তাকে আবারও পেতে চান জানিয়ে সামিন বলেন, ‘নাহিদকে যে দলই পাক, নিজেদের ভাগ্যবান মনে করবে। এখন বাংলাদেশি খেলোয়াড়দের দলে নিচ্ছে দলগুলো। একসময় এত নিত না। নাহিদ নিলামে থাকলে আমার রাডারে অবশ্যই থাকবে।’

তিনি আরও বলেন, ‘নাহিদের চেয়ে এক্সাইটিং ইয়াং ট্যালেন্ট আরও আছে। আমি ওদের সুযোগ দিতে পারলে আরও খুশি হবো। ইয়াংস্টাররা এক্সট্রা এনার্জি নিয়ে আসে। রিশাদের কথাই বলি, বা মিরাজ… কালান্দারের হয়ে খেলে মিরাজ ওয়ানডে ক্যাপ্টেন হয়ে গেছে। ইমন। জিএসএলে নিয়েছিলাম শামীমকে। এই তরুণরাই কালান্দারকে চালায়। বলে না দিল সে? এই দিলসে চাহিয়ে। তারা একশ ভাগ নয়, দুইশ ভাগ দেয়। হারজিত খেলার অংশ। প্যাশনটাই আসল।’

লাহোরের মালিক আরও বলেন, ‘ট্রফি জয়ের চেয়ে কারো ক্যারিয়ার গড়ে দেওয়া বড় ব্যাপার। আমার স্বপ্ন তরুণদের সর্বোচ্চ পর্যায়ে সুযোগ করে দেওয়া। সুপারস্টার তৈরি করা। এ কারণেই বাংলাদেশ নিয়ে আমি এক্সাইটেড।’

 

 

আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad