আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

Ayesha Siddika | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ - ০৪:৩৮:৩০ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অববর মন্ডল স্কুল অ্যান্ড কলেজের সম্পত্তি দখলসহ বিভিন্ন অভিযোগে দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দরগারপাড় এলাকায় এ মানববন্ধন করেন তারা। এসময় তাঁর বিরুদ্ধে মাদকাসক্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি ও হামলার অভিযোগ তুলে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন কারখানা ও বাসাবাড়ির বর্জ্য পানি টাকার বিনিময়ে দরগার পাড় পুকুরে ফেলা হয়। একপর্যায়ে ময়লা পানিতে পুকুরটি ভরে গেলে সরকারি সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে সেই পানি অন্যদিকে প্রবাহিত করা হয়। এতে আশপাশের বাসাবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে যাচ্ছেন বলেও দাবি তাঁদের। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে দেলোয়ার মীর ও তাঁর লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে পানি ছাড়তে আসলে স্থানীয়রা প্রতিবাদ জানালে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তাঁরা।
এলাকাবাসী অভিযোগ করে আরও বলেন, এলাকার পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুকুরে বর্জ্য পানি ফেলা ও তা লোকালয়ে প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয়রা।
এবিষয়ে মুঠোফোনে দেলোয়ার মীরের সঙ্গে যোগাযোগ করা হলে সে আইসিইউতে ভর্তি আছে বলে জানান তাঁর স্ত্রী। মানববন্ধনে স্থানীয় আবুল হোসাইন মুন্সী, মাসুদুর রহমান দেওয়ান, কবির সরকার ও সুমন গাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

 

আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad