মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ - ১১:৩৫:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচও ছিল স্মরণীয়। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়ী ম্যাচকে নিজের মতো করে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির শেষ ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের আবেগের সঙ্গে একাত্ম হয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের পোস্টে ফুটে উঠেছে মেসির প্রতি দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি এবং প্রিয় তারকার বিদায়ের কষ্ট। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে পূর্ণিমা লিখেছেন, জীবনের সব দুঃখের এক পাশে মেসিকে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো দেখার বেদনা যেন আরও ভারী হয়ে উঠেছে।

অন্যদিকে মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি। তার মতে, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ নয়, বরং একটি যুগের শেষ অধ্যায়। মেসির খেলা দেখতে রাত জাগা, গোলের পর উচ্ছ্বাস কিংবা হারের পর হতাশা—পুরোনো সেই স্মৃতিগুলোও বিদায়ী ম্যাচের সময় মনে পড়ে যায় বলে জানান তিনি।

২০২২ বিশ্বকাপে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার মুহূর্তটিও স্মরণ করেছেন পরীমনি। তার কাছে জয়-পরাজয়ের হিসাবের চেয়েও আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসিকে শেষবার দেখার অনুভূতিটাই বেশি গুরুত্বপূর্ণ। মেসিকে উদ্দেশ্য করে পরীমনি আরও জানান, বিদায় নিলেও ফুটবল ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবেন আর্জেন্টাইন তারকা। জার্সি ও প্রজন্ম বদলে গেলেও ১০ নম্বর জার্সির সঙ্গে মেসির গল্প কখনো শেষ হবে না।

মেসির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন ইরফান সাজ্জাদও। তাকে ‘সোনালী যুগের জাদুকর’ আখ্যা দিয়ে অভিনেতা লিখেছেন, মেসির মাঠের যাত্রা শেষ হলেও ভক্তদের স্মৃতিতে তিনি আজীবন বেঁচে থাকবেন। জাতীয় দলের হয়ে ১২৬তম গোল করে বিদায়ী ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার বিদায়ের আবেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশি তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও।

 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad