মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ - ০৮:০৪:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও খেলে ফেললেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারানো ম্যাচে একটি গোলের পাশাপাশি দুই গোলে সহায়তা করে বিদায় রাঙিয়েছেন এই মহাতারকা। জয়ের পর আলবিসেলেস্তের কোচ লিওনেল স্ক্যালোনি দলের সেরা তারকাকে ছাড়া সামনের দিনের লড়াই এবং দলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন।

আগামী ডিসেম্বরেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্ক্যালোনির মেয়াদ শেষ হবে। কিন্তু মেসির বিদায়ের দিনে আশার বাণীই শোনালেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপে এনে দেয়া কোচ। তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক চললে আমি কোচিং চালিয়ে যাব। আর মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছে, তা অবিশ্বাস্য। সেটাই আমি সঙ্গে করে নিয়ে যাব। মাঠে তার মতো আর কখনো কেউ হবে না। তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।’
এই মুহূর্তে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্ক্যালোনির সঙ্গে আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য চুক্তি নবায়ন করতে চাইলেও, তিনি তার ভবিষ্যৎ নিয়ে শুধু বলেছেন, ‘এখনও কোনো নতুন খবর নেই।’ তবে নিজের ভবিষ্যৎ নিয়ে শুধু ইঙ্গিত দিয়েই থেমে থাকেননি স্ক্যালোনি। মেসিকে ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের সামনে যে ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটি নিয়েও তিনি কথা বলেছেন।
বিদায়ী বক্তব্যে মেসি যে কথাগুলো বলেছিলেন, স্ক্যালোনি সেগুলোরই প্রতিধ্বনি করেছেন। তিনি স্বীকার করেছেন যে সামনে কঠিন পথ অপেক্ষা করছে, তবে একই সঙ্গে বিশ্বাস প্রকাশ করেছেন যে দল কোনো না কোনোভাবে সেই পথ খুঁজে নেবে। তিনি বলেন, ‘কঠিন হতে চলেছে। সে (মেসি) নিজেও সেটাই বলেছে। গত কয়েক বছরে আমরা যা অর্জন করেছি, তা স্বাভাবিক কোনো বিষয় নয়। সামনে কঠিন সময় আসতে পারে।’
নিজের প্রিয় শিষ্যের বিদায়ে এই কোচ বলেন, ‘আমরা সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আমাদের সঙ্গে তরুণ ও নতুন খেলোয়াড় থাকবে, যারা আমাদের অনেক কিছু দেবে। কিন্তু তাকে নিজের পাশে পাওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। মানুষকে এটা বোঝানো খুব কঠিন। এর সঙ্গে তুলনা করার মতো কিছু নেই। এটা অনুভব করতে হয়।’
তিনি যোগ করেন, ‘এটা অতুলনীয়। আমরা যতই একটি নতুন দল গড়ে তুলতে পারি না কেন, নতুন যারা উঠে আসছে তাদের নিয়ে যতই একটি দুর্দান্ত দল তৈরি করি না কেন, আমি আর কারও মধ্যে তার মতো সেই আভা দেখিনি। সে যে অনুভূতি তৈরি করত, সেটা আর থাকবে না। আমরা নতুন কিছু উপায় খুঁজে বের করব, নতুন অস্ত্র খুঁজে নেব। কিন্তু সেই অনুভূতিটা আর থাকবে না। তাকে উপভোগ করতে পারাটা ছিল অসাধারণ। এখন আমাদের তাকে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে।’

 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad