সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশা চালক। নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়- ছেলে সুমন গত কয়েক বছর আগে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তের কারণে গত এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চলে যায়। কয়েকদিন আগে সুমা বাড়িতে আসে। আবারও ঝগড়া হয়।
সুমন রাগ করে রোববার রাত ১২ টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়ে। সুমনের ঘুম আসছিলো না দেখে বাবা মহাতাব সরকার দোয়া পড়ে তার ছেলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরো রেগে যায় সুমন। এক পর্যায়ে তার বাবার হাত ধরে জোর ঘরে ঘর থেকে বের করে নিয়ে এসে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনা স্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে মারা যান।
পরে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। পরে সোমবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নওগাঁ সরদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন- ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
