আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রই ইসরাইলের একমাত্র শক্তিশালী মিত্র—মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতের প্রবল সমর্থনের কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বে ইসরাইলের আরও অনেক বন্ধু রয়েছে এবং ভারতের ১৪০ কোটি মানুষের কাছ থেকে তারা ‘অভাবনীয়’ সমর্থন পাচ্ছেন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু এই মন্তব্য করেন। গাজা, ইরান ও লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে থাকা এই নেতা ভারতের অবস্থানকে বড় ঢাল হিসেবে ব্যবহার করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আরও কিছু বন্ধু রয়েছে, যেমন ভারত নামের ছোট একটি দেশ। সেখানে ১৪০ কোটি মানুষের বসবাস এবং দেশটির সাধারণ মানুষের কাছ থেকে আমরা অবিশ্বাস্য রকমের সমর্থন পাচ্ছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয়দের কাছ থেকে ইসরাইলের পক্ষে বিপুল সমর্থনের বন্যা বয়ে যাচ্ছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের ইতিহাসে ইসরাইলের ‘সবচেয়ে বড় বন্ধু’ হিসেবে আখ্যা দেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতি নিজের শ্রদ্ধাবোধ ব্যক্ত করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, শ্রদ্ধাবোধ থাকার মানে এই নয় যে ভ্যান্সের সব কথার সাথে আমাকে একমত হতে হবে। বিশ্বের অনেক দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইল-বিরোধী বা ইহুদি-বিরোধী প্রচারণাকে এখন ফ্যাশনে পরিণত করা হয়েছে। কিন্তু পর্দার পেছনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক দেশের শীর্ষ নেতারা ব্যক্তিগতভাবে তাকে ফোন করেন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি সই করার পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনীর রণকৌশল শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। কয়েক সপ্তাহ আগে হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসরাইলের উচিত হবে না বিশ্বের বুকে তাদের অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রের (যুক্তরাষ্ট্র) সাথে বৈরিতা করা।
গত মাসে ইরানের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সই করা একটি সমঝোতা স্মারককে সমর্থন করতে গিয়ে ভ্যান্স এই মন্তব্য করেছিলেন। মার্কিন-ইরান সমঝোতার সেই শর্ত অনুযায়ী লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরাইল তা এখনও মেনে নেয়নি। এই প্রসঙ্গে নেতানিয়াহু দাবি করেন, দক্ষিণ লেবাননের বেশ কিছু খ্রিস্টান অধ্যুষিত গ্রাম নাকি হিজবুল্লাহর হাত থেকে বাঁচতে ইসরাইলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছে, যার কারণে তারা সেখানে অবস্থান করছেন। তবে লেবানন পরিস্থিতি যা-ই হোক না কেন, কূটনৈতিক ক্ষেত্রে জেডি ভ্যান্সের একচ্ছত্র মার্কিন আধিপত্যের দাবিকে ভারতের নাম টেনে সরাসরি নাকচ করে দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
সূত্র: এনডিটিভি।
আয়শা/০৬ জুলাই ২০২৬,/বিকাল ৫:৪০
