দুর্গাপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৬ - ০৫:৪৮:০৭ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা/পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুর্গাপুরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন ধানের বীজ, বৃক্ষরোপণের চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ এবং গ্রীষ্মকালীন মরিচ চাষের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

সরকারের কৃষিবান্ধব এ কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, পতিত জমি চাষাবাদের আওতায় আনা, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণকে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা। কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ শাদাত, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাচুল তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিনা পারভিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং চলতি মৌসুমে অধিক ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কার্যক্রমকে সফল করতে সকলকে আহবান জানানো হয়। একই সঙ্গে উন্নতমানের বীজ ব্যবহারের ফলে ফলন বৃদ্ধি পাবে এবং তারা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

 

আয়শা/০৬ জুলাই ২০২৬,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad