ড্রেসিংরুমে গিয়ে হালান্ডকে অভিনন্দন নরওয়ের রাজকুমারীর

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৬ - ০৫:২১:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে যখন পুরো দল ড্রেসিংরুমে উদযাপনে মেতে, তখন সেখানে হাজির হন নরওয়ের রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা। দলের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডকে আলিঙ্গন করে অভিনন্দন জানান তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে নরওয়ে। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক ছিলেন হালান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সেই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা নিশ্চিত করে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের পর খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে সরাসরি ড্রেসিংরুমে যান নরওয়ের ভবিষ্যৎ রানি হিসেবে পরিচিত প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা। তার সঙ্গে ছিলেন ছোট ভাই প্রিন্স স্ভেরে ম্যাগনুস।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে তখন জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা নরওয়ের ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন শার্টবিহীন হালান্ড। রাজকুমারীকে দেখে তিনি এগিয়ে যান। দুজন একে অপরকে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা জানান এবং পরে করমর্দন করেন। মুহূর্তটি দ্রুতই ভক্তদের নজর কেড়ে নেয় এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, ২২ বছর বয়সি প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা নরওয়ের ক্রাউন প্রিন্স হাকোন ও ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের জ্যেষ্ঠ কন্যা। তিনি বর্তমানে নরওয়ের সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

 

 

আয়শা/০৬ জুলাই ২০২৬,/বিকাল ৫:১৯

▎সর্বশেষ

ad