আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। নেতানিয়াহু এই চুক্তির প্রকাশ্য সমালোচনা থেকে বিরত রয়েছেন। তবে গণমাধ্যমের প্রতিবেদন ও পর্যবেক্ষকরা বলছেন, ইসরাইলি নেতা এই চুক্তিতে ক্ষুব্ধ। কারণ তিনি মনে করেন, এটি আসন্ন অক্টোবরের নির্বাচনে তার পুনর্নির্বাচনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করতে পারে।
‘ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি আক্রমণ করে বলেছেন যে তিনি (ট্রাম্প) সবকিছু নিয়ন্ত্রণ করেন, এতে এই পতনের নির্বাচনে নেতানিয়াহুর বিরোধী প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে,’ উলম্যান বলেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির পর চরম রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য বদলে দেয়ার দম্ভোক্তি এখন তার জন্য ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।
একদিকে গাজা ও লেবাননে স্থায়ী বিজয় না পাওয়ায় আসন্ন অক্টোবরের জাতীয় নির্বাচনের আগে ভেতরে-বাইরে তীব্র চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ট্রাম্পের সাথে সম্পর্কের ফাটল এবং আইসিসির গ্রেফতারি পরোয়ানা প্রধানমন্ত্রী হিসেবে তার গদিকে আরও নড়বড়ে করে তুলেছে।
নির্বাচনের ঘোষণা দিলেও জরিপ বলছে নেতানিয়াহুর ডানপন্থি জোট বড় পরাজয়ের দ্বারপ্রান্তে। দুর্নীতির অভিযোগ আর ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতায় তিনি আগে থেকেই বিপর্যস্ত ছিলেন। নজিরবিহীন হামলার পরও হামাস, হিজবুল্লাহ ও ইরান এখনও সমানভাবে সক্রিয় রয়েছে। এখন বিভিন্ন ফ্রন্টের যুদ্ধে কোনো স্থায়ী বিজয় না আসা এবং সেনা হতাহত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হওয়ায় ভোটারদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাকে।
নেতানিয়াহুর যুদ্ধ কৌশলের তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ স্পষ্ট জানিয়েছেন, তিনি চূড়ান্ত পরীক্ষায় ভেঙে পড়েছেন এবং যুদ্ধে হেরে গেছেন। অন্যদিকে গাজায় ধ্বংসযজ্ঞের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বেড়েছে। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় পশ্চিমা বিশ্বেও তার গ্রহণযোগ্যতা কমেছে।
সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার অতি-নির্ভরশীলতার জায়গা থেকে। তার একপেশে নীতির কারণে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সমর্থন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বহুদিনের বিশ্বস্ত মিত্র ট্রাম্পও ফোনালাপে মেজাজ হারিয়ে তাকে ‘উন্মাদ’ বলেছেন। মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে আন্তর্জাতিক স্তরে বন্ধুহীন হয়ে এখন সব কূল হারাতে বসেছেন এই যুদ্ধবাজ নেতা।
আয়শা/১৯ জুন ২০২৬,/রাত ৮:১৮
