১০০ কোটি ক্লাবের পথে শাহরুখের অর্থ সহায়তায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেউল বন্দ ২’
Ayesha Siddika | আপডেট:
১৯ জুন ২০২৬ - ০৮:২৬:৫৪ পিএম
বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অর্থাভাবে সিনেমাটির মুক্তির কাজ থেমে যাওয়ার পথে হাঁটলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শাহরুখ। তারই অর্থ সহায়তায় শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে হাঁটে সিনেমাটি।
‘দেউল বন্দ ২’ সিনেমার নির্মাতা প্রবীণ তারদে জানান, সিনেমা নির্মাণের পর তা প্রেক্ষাগৃহে চালানোর জন্য ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) ফরম্যাটের রূপান্তর করার প্রয়োজন পড়ে। এর জন্য শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের দ্বারস্থ হয়েছিলেন তারা।
জানা যায়, ডিসিপি ফরম্যাটের জন্য এ সিনেমার প্রযোজকের বাজেট ছিল প্রায় ১২ লাখ রুপি। কিন্তু ফরম্যাটটি তৈরি করে দিতে রেড চিলিস এন্টারটেইনমেন্টের খরচ পড়ে ৪২ লাখ রুপি। বিশাল এ বিল দেখে ঘাবড়ে যান নির্মাতা প্রবীণ। রেড চিলিস এন্টারটেইনমেন্টকে জানান, সীমিত বাজেটের মারাঠির সিনেমা এটি। এত বড় বিল তাদের পক্ষে মেটানো অসম্ভব। তাই সহায়তা চাওয়া হয় প্রতিষ্ঠানটির মালিক শাহরুখ খানের কাছে।
ওই মুহূর্ত মনে করে নির্মাতা প্রবীণ বলেন,শাহরুখ তার টেকনিক্যাল টিমের কাছে বিষয়টি জানতে চান। তারা তাকে জানায় যে, এটি ‘মুলশি প্যাটার্ন’ নির্মাতাদের সিনেমা। যেহেতু ‘মুলশি প্যাটার্ন’ সিনেমাটি পরে সালমান খান ‘অন্তিম’ নামে রিমেক করেছিলেন, তাই শাহরুখ আমাদের কাজ সম্পর্কে জানতেন। এরপর তিনি ‘দেউল বন্দ ২’ নিয়ে খোঁজ নেন। তার টিম জানায়, এটি চমৎকার একটি সিনেমা। নির্মাতারা ডিসিপি চাইছেন কিন্তু বিল মেটানোর সামর্থ্য তাদের নেই। এদিকে ডিসিপি তৈরি হয়ে গেলেও বকেয়া থাকার কারণে তা হস্তান্তর করা হচ্ছিলো না। কৃষকদের আত্মহত্যা ও বিশ্বাস-নাস্তিকতার মধ্যকার জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে ‘দেউল বন্দ ২’ মারাঠি সিনেমায়। ছবি: সংগৃহীত
শাহরুখ খান প্রসঙ্গে তিনি বলেন,পুরো বিষয়টি জানার পর শাহরুখ তার টিমকে বলেছিলেন, এটা একটা মারাঠি সিনেমা। ওদের ডিসিপি দিয়ে দাও। পেমেন্টের বিষয়টা আমরা পরে ঠিক করে নেবো। ওদের বিল মওকুফ করে দেও। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হবে কি না তা না জেনেই শাহরুখ সাহায্য করেছিলেন। মারাঠি সিনেমার প্রতি তিনি প্রচণ্ড সম্মান দেখিয়েছেন। তার কাছে টাকার চেয়ে সিনেমাটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি তার কাছে চিরকৃতজ্ঞ।‘দেউল বন্দ ২’ সিনেমার রচনা ও পরিচালনা করেছেন প্রবীণ তারদে। সিনেমায় কৃষকদের আত্মহত্যার মতো একটি সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিশ্বাস ও নাস্তিকতার মধ্যকার জটিল সমীকরণও উঠে এসেছে পর্দায়। ইন্ডাস্ট্রি ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, ৮ কোটি বাজেটের সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি ক্লাবের পথে হাঁটছে। বর্তমানে সিনেমাটির আয় প্রায় ৮১ কোটি ৭৮ লাখ রুপি ছাড়িয়েছে।