ঈদে মজাদার দুই পদ

Ayesha Siddika | আপডেট: ২১ মে ২০২৬ - ০২:২৯:২৩ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : ভুনা খিচুড়ি

উপকরণ: পোলাও চাল – ২ কাপ, মুগ ডাল – ১ কাপ, পেঁয়াজ কুচি – ২টি, আদা বাটা – ১ টেবিল চামচ, রসুন বাটা – ১ টেবিল চামচ, কাঁচা মরিচ – ৪/৫টি, তেজপাতা – ২টি, দারুচিনি – ২ টুকরা, এলাচ – ৩টি, লবঙ্গ – ৪টি, হলুদ গুঁড়া – ১ চা চামচ, মরিচ গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – ১ চা চামচ, ঘি – ২ টেবিল চামচ, সরিষার তেল বা সয়াবিন তেল – পরিমাণমতো, লবণ – স্বাদমতো, গরম পানি – প্রয়োজনমতো।

রান্নার পদ্ধতি: প্রথমে মুগ ডাল শুকনা কড়াইয়ে হালকা ভেজে ধুয়ে নিন। চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। পাত্রে তেল ও ঘি গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে আদা-রসুন বাটা দিন। এবার সব গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। চাল ও ডাল একসঙ্গে দিয়ে ৪–৫ মিনিট নেড়ে ভুনে নিন। গরম পানি ও লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ ও সামান্য ঘি ছড়িয়ে দিন। দমে ১০ মিনিট রেখে পরিবেশন করুন।

খাসির মাংস ভুনা 

উপকরণ: খাসির মাংস – ১ কেজি, পেঁয়াজ কুচি – ৪টি বড়, আদা বাটা – ১ টেবিল চামচ, রসুন বাটা – ১ টেবিল চামচ, টক দই – আধা কাপ, হলুদ গুঁড়া – ১ চা চামচ, মরিচ গুঁড়া – দেড় চা চামচ, ধনে গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – ১ চা চামচ, গরম মসলা গুঁড়া – ১ চা চামচ, তেজপাতা – ২টি, দারুচিনি – ২ টুকরা, এলাচ – ৪টি, লবঙ্গ – ৪/৫টি, কাঁচা মরিচ – ৫/৬টি, সরিষার তেল – আধা কাপ, লবণ – স্বাদমতো।
রান্নার পদ্ধতি: মাংস ধুয়ে দই, আদা-রসুন বাটা ও সব গুঁড়া মসলা দিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন। এরপর কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মসলা ও পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। এবার মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। প্রয়োজনে অল্প গরম পানি দিন। তেল ওপরে উঠে এলে কাঁচা মরিচ ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। এরপর আরও কিছুক্ষণ ভুনে নামিয়ে ফেলুন। গরম গরম ভুনা খিচুড়ির সঙ্গে খাসির মাংস জম্পেস লাগে।

 

 

আয়শা/২১ মে ২০২৬,/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad