স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে কোন ১৫ জন মাঠে নামবেন? তাদের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার কথা ছিল সোমবার। তবে সেটি ঘোষণা করা হবে মঙ্গলবার।
এদিকে তাসকিনের এমআরআই রিপোর্ট পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতামত নেবে বিসিবি। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যদি চিকিৎসকরা নিশ্চিত করেন যে, তাসকিন বিশ্বকাপের আগে ইনজুরিমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন, পুরো শক্তি ও রানআপে বোলিং করতে পারবেন, তাহলে তাকে দলে নেওয়া হবে। সে ক্ষেত্রে স্ট্যান্ডবাই হিসেবে এক বা একাধিক পেসার নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে।
আর যদি চিকিৎসকরা জানান, নাহ! তাসকিনের পক্ষে বিশ্বকাপের আগে আর বল হাতে মাঠে নামা সম্ভব হবে না, তাহলে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হবে। তখন মোস্তাফিজ, শরিফুলের সঙ্গে তানজিম সাকিব ও সাইফউদ্দিন দুজনকেই দলে রাখা হবে। সোমবার পুরো দিনটি তাই তাসকিন ইস্যুতেই রেখেছে বিসিবি এবং সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সোমবার রাতের মধ্যেই বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নিয়ে তাসকিনের ব্যাপারটা ফয়সালা করা হবে। এরপর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/বিকাল ৫:২১
