নিভে যাওয়ার আগে ডি ককের জ্বলে ওঠা

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০২:১৪:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : দশমী মানে বিসর্জন। দেবী দুর্গা এদিন বিদায় নেন। মর্ত্য ছেড়ে পাড়ি জমান কৈলাসে। ভক্তদের মনে গতকাল বাজছিল বিষাদের সুর। তেমনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সমর্থকদের কানে বাজছে বিষাদের সুর। এই বিশ্বকাপ শেষে কুইন্টন ডি কক ওয়ানডে থেকে অবসর নেবেন। দুর্গাপূজার শেষ দিন মন ভার হয়ে থাকলেও আগের দিনগুলোতে উৎসবে মাতেন সর্বজনরা। প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটসম্যানও যেন মাতিয়ে তুলেছেন ক্রিকেট বিশ্বকে। এবারের বিশ্বকাপে রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। যেন নিভে যাওয়ার আগে মনে রাখার মতো জ্বলে ওঠা তার।

ফাফ ডু প্লেসির পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক করা হয়েছিল তাকে। এই ফরম্যাটে ৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে দুটি করে জয়-পরাজয়ের স্বাদ পেয়েছেন তিনি। তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। ৮ ওয়ানডেতে টস করে ৪ জয় ও ৩ পরাজয় সঙ্গে আছে। একটি ম্যাচ হয়েছিল পন্ড। তবে টি-টোয়েন্টিতে তার নেতৃত্বের পরিসংখ্যান সম্পূর্ণ উল্টো। ১১ ম্যাচে ৩ জয় আর ৮ পরাজয়। ভারতের কাছে সিরিজ হারের পর সাদাপোশাকের ক্রিকেটকেই বিদায় জানান তিনি। এবার ছাড়ছেন ওয়ানডে।

বিসর্জনের দিনে ভক্তরা ‘আসছে বছর আবার হবে’ বলে মনকে সান্তনা দিতে পারেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেটের জার্সিতে যে আর কখনো ডি কককে দেখতে পাবেন না ভক্তরা। আর সেটা আরও বেশি কুরে খাচ্ছে। কারণ মাত্র ৩০ বছর বয়সে ওয়ানডে ক্রিকেট বিদায়ের ঘোষণা দেওয়া ডি ককের ব্যাট হেসেই চলেছে বলে।

বাংলাদেশের বিপক্ষে গতকাল ওয়াংখেড়েতে যে তান্ডবটা চালিয়েছেন, তা আরব সাগরের সুনামির চেয়ে কম কিছু নয়। মাত্র ৩৬ রান ২ উইকেট হারানোর পর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার হাল ধরেছিলেন তিনি। সঙ্গী হিসেবে পেয়েছিলেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামকে। দুজনে মিলে গড়েন ১৩১ রানের জুটি। মার্করাম ৬০ রান করে আউট হয়ে গেলে অন্য প্রান্ত আগলে রেখেছিলেন ডি কক। তার ব্যাট থেকে রান আসছিল সতর্কভাবে।

ঠান্ডা মাথায় খেলেই তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। চলতি বিশ^কাপে এটি তার তৃতীয়। এক বিশ্বকাপে তিন সেঞ্চুরি করা প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তিনি। তবে সেটা গড়তে ব্যাট করতে হয়েছে ১০০-এর নিচে স্ট্রাইক রেটে। কিন্তু খোলস ছেড়ে এই প্রোটিয়া বেরিয়ে আসেন সেঞ্চুরির পর। ধুন্ধুমার ব্যাট চালাতে থাকেন। তাতে দ্রুতই ১৫০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। ক্যারিয়ারের দেড়শতম ম্যাচে তৃতীয় ১৫০ রানের ইনিংস গড়েন তিনি। যার দুটিই আবার টাইগারদের সঙ্গে। বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে কিম্বারলিতে ১৬৮ রানের ইনিংস খেলেছিলেন। আর গতকাল থেমেছেন ১৭৪ রান করে। ফেরার আগে ১৪০ বলে তার ব্যাট থেকে আসে ১৫ চার ও ৭ ছক্কা। এক দিনের আন্তর্জাতিকে কোনো উইকেটকিপার ব্যাটসম্যানের তিনবার দেড়শ রানের ইনিংস খেলতে পেরেছেন কেবল তিনিই। এর আগে অ্যাডাম গিলক্রিস্ট পেয়েছিলেন দুটি। গতকাল সেখানে নিজের নাম বসিয়েছেন ডি কক।

এবারের বিশ^কাপে ৫ ম্যাচ খেলেই করে ফেলেছেন ৪০৭ রান। যার মধ্যে তিনটি ইনিংসেই তিনি পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০০, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৯ রান করেন। তবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে জ¦লে ওঠেনি তার ব্যাট। খেলেছেন ২০ ও ৪ রানের দুটি ইনিংস। তবে ওয়াংখেড়েতে গতকাল বাংলাদেশকে পেয়ে ব্যাটে রানের ফোয়ারা ছুটেছিল। খেলেছেন ১৭৪ রানের দাপুটে এক ইনিংস। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। দুটিই আবার ১৫০+। ২০১৫ বিশ্বকাপে ৯ ইনিংসে ডি কক করেছিলেন ৩৪৫ রান। এর আগের বার ৮ ইনিংসে ¯্রফে এক ফিফটিতে করেন ১৪৫ রান। বিশ্বকাপের এক আসরে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড জ্যাক ক্যালিসের। ২০০৭ সালে ৯ ইনিংসে তিনি করেন ৪৮৫ রান। তাকে টপকে যেতে আর ৭৮ রান প্রয়োজন ডি ককের। এজন্য অন্তত আরও ৪ ম্যাচ পাবেন বাঁহাতি কিপার-ব্যাটসম্যান।

এমন আগ্রাসী ব্যাটিং যার মাত্র ৫ ম্যাচেই! রাউন্ড রবিন লিগে এখনো বাকি আছে ৪ ম্যাচ। যে গতিতে প্রোটিয়ারা ছুটছে তাতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জোরালো। চোকার্স হিসেবে পরিচিত দলটির ভাগ্যে এখনো ফাইনাল জোটেনি। এবার সেটা ছুঁতে আরও ৬ ম্যাচ বাকি। সেখানে তিনি কী করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৪

▎সর্বশেষ

ad