আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরার এক প্রতিবেদন মতে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে বুধবার (২৬ এপ্রিল) জেলেনস্কিকে টেলিফোন করেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটাই তাদের প্রথম ফোনালাপ। ফোনালাপের বিষয়টি প্রথম জানান জেলেনস্কি। বুধবার (২৬ এপ্রিল) এক টুইটার বার্তায় জেলেনস্কি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে অর্থপূর্ণ আলাপ হয়েছে। আমি বিশ্বাস করি, এই ফোনালাপ ও চীনে ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়েঅগ উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক উন্নয়নে শক্ত ভূমিকা রাখবে।’
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনেও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যকার ফোনালাপের কথা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, ইউক্রেনের যুদ্ধের জটিল রুপান্তর বিশ্বের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। এক্ষেত্রে বেইজিংয়ের অবস্থান শান্তির পক্ষে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতে চীন ‘নিরপেক্ষ’ ভূমিকা নেয়ার কথা বলে আসছে। পশ্চিমা চাপ সত্ত্বেও এখনও রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানায়নি দেশটির সরকার। এছাড়া গত মাসেই দুইদিনের রাষ্ট্রীয় সফরে মস্কো ঘুরে এসেছেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। ইউক্রেন ও রাশিয়া সংঘাতের অবসানে বেশ আগেই ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন জিনপিং। সাম্প্রতিক মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বেইজিংয়ের এই ১২ দফা শান্তি প্রস্তাবকে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই স্বাগত জানায়।
কিউটিভি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৪
