ব্রেকিং নিউজ
রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত

ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

Ayesha Siddika | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ - ০৫:১২:১০ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদল। সোমবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশি জনগণের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসা করার পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার বিষয়েও কথা বলেন। 

পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। তারা পর্তুগালের জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং মিউজিক ও গানের পরিবেশনার মাধ্যমে তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেন। তিনি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিকভাবেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে শেখ আলিউর রহমান বলেন, দুই দেশের পুরোনো ও ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তারা আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের চায়ের গুণগতমান অত্যন্ত ভালো এবং আন্তর্জাতিকভাবে এ চায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিকমানের মডেল টি এস্টেট স্থাপনের বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে মডেল টি এস্টেট স্থাপনে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরেই বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতেও এক কাপ চায়ের রয়েছে বিশেষ তাৎপর্য; বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করতে হবে। চা শ্রমিকদের অনেকেই এখনও শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন কোনো টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক দিক বিবেচনা না করে চা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশে চা শিল্পের আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্য-পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনার বিষয় নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

 

 

আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad