ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ - ১০:১২:২৩ পিএম

ডেস্ক নিউজ : বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশার ৪  দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকা ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন এ আদেশ দেন। 

ঘটনার আগে তাহসিফের সঙ্গে দিশার চলাফেরা, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং দুজনের মধ্যে একাধিকবার ফোনে কথা হওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আগে গ্রেফতার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতে চান তদন্ত কর্মকর্তা।

রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে এসব তথ্য উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ফিরোজ উদ্দিন। আবেদনে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়টি কারণ তুলে ধরা হয়। সেখানে তার সাত দিনের রিমান্ড দাবি করা হয়।

পুলিশের আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরা এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরা এলাকার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। ওইদিন সন্ধ্যায় তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যান। এছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজেও তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গেছে। 

আবেদনে আরও বলা হয়, তাহসিফের সঙ্গে বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করেছিলেন দিশা। তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে তার সঙ্গে দিশার একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, এ মামলায় সন্দেহভাজন আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। দিশা ও দীপের বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করা প্রয়োজন। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও আবেদনে দাবি করা হয়েছে।

দিশাকে সাতদিনের রিমান্ডে নেওয়ার পক্ষে ছয়টি কারণ উল্লেখ করেছে পুলিশ। সেগুলো হলো—তাহসিফ হত্যার মূল রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার, মামলার আলামত উদ্ধার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, দিশা ও দীপের বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই এবং দিশার দেওয়া বক্তব্যের সত্যতা পরীক্ষা করা।

তদন্ত কর্মকর্তা আবেদনে আশঙ্কা প্রকাশ করেন, দিশা জামিনে মুক্তি পেলে পালিয়ে গিয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করে সাতদিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ। পরিবারের দাবি, সেদিন জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। পরদিন বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাশ উদ্ধারের আগের রাতে দ্বীপের পাশাপাশি তাহসিফের সঙ্গে ছিলেন দিশাও। সোনারগাঁ জনপদের পাশের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের ফুটেজে দেখা গেছে, রাত ১০টা ১৭ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা। একই মোটরসাইকেলে করে দুজন বারে আসেন এবং পরে একই মোটরসাইকেলে চলে যান।

তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দ্বীপকে। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে নৌ পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় দ্বীপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে আইনশৃংখলা বাহিনী জানিয়েছে। 

 

 

আয়শা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১০:০৮

▎সর্বশেষ

ad