আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নজরান শহরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি বাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে রোববার বিকেলে নজরান শহরে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। আবাসিক এলাকায় এ হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে গত প্রায় দু’মাস ধরে চলমান সংঘাতের মধ্যেই ঘটল এ ঘটনা। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সমর্থন দেওয়ার কারণে সংঘাতটি প্রতিবেশী সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। গত দু’মাসে বিভিন্ন সময়ে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে।
তথ্যসূত্র: আরব নিউজ
আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৪০
