আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বর্তমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা লোটার অভিযোগ তোলার পাশাপাশি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক বিক্ষোভের তীব্র সমালোচনা করেছেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের কেউ কেউ প্রকাশ্যে দাবি করছে তারা সরকার পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা নিয়েছে, আবার কেউ রাস্তায় নেমে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতন ঘটানোর কথা বলছে। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেশে চরম নৈরাজ্য তৈরি করাই তাদের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ভারতের বিজেপিপন্থি সংবাদমাধ্যমগুলোতে নেহা বোরা নামের এক আন্দোলনকারীর তারিখবিহীন একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশের পর বিতর্ক আরও জোরালো হয়। বিজেপি নেতাদের শেয়ার করা ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে নেহা বোরাকে বলতে শোনা যায়, ‘এই দেশের আনাচকানাচে জেন-জিদের যে আন্দোলন আমরা দেখছি, তা প্রথমে বাংলাদেশে শুরু হয়েছিল। আমাদের পথ দেখানোর জন্য এবং এই দেশের তরুণদের প্রতি সংহতি জানানোর জন্য আপনাদের অভিনন্দন।’
ভিডিওতে তিনি আরও উল্লেখ করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে, তা মূলত ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই; যা বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের মতোই একটি গণতান্ত্রিক সংগ্রাম। তবে বিজেপিপন্থি সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভিডিওটির দৃশ্যধারণের সময় ও সত্যতা সম্পর্কে নিরপেক্ষ কোনো তথ্য এখনো মেলেনি।
আয়শা/১৬ অক্টোবর ২০২৬,/রাত ৮:১২
