দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি।

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ - ০৩:৩৮:২৪ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে খাগড়াছড়ির যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

২৩ বিজিবি আরও জানান , দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সকলের সম্মিলিত সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

 

 

আয়শা/১৬ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad