অক্টোবরের ৮ দিনেই ডেঙ্গুতে ৪৯ প্রাণহানি, মৃত্যু আরও ৫

Anima Rakhi | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ - ০৭:১৮:০১ পিএম

 স্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৯৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৮২ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩২ জন মারা গেছেন।

এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে ১৪৮ জনের প্রাণহানি হয়। সবশেষ অক্টোবরের প্রথম ৮ দিনে সারা দেশে ডেঙ্গুতে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।

কিউটিভি/অনিমা/০৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:১৭

▎সর্বশেষ

ad