পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘স্পর্শকাতর তথ্য’

Ayesha Siddika | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ - ১০:৩১:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি এক নারী গোয়েন্দার প্রেমে পড়ে ভারতীয় নৌবাহিনীর ‘গোপন তথ্য’ ফাঁস করে দিয়েছেন বাহিনীটির এক সদস্য। এ ঘটনায় ভারতের ওই নৌসেনাকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে তাকে গ্রেপ্তার করে অন্ধপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ওই প্রশিক্ষণ কেন্দ্রে এক সপ্তাহ আগে গিয়েছিলেন তিনি।
গ্রেপ্তার সেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী প্রদীপ ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার পৃথক আরেক প্রতিবেদন থেকে জানা যায়, প্রদীপ ভারতের বিশাখাপত্তমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডে একজন নাবিক হিসেবে মোতায়েন ছিলেন।
সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী গোয়েন্দা। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। প্রেমের অভিনয় করে বিশ্বাস অর্জনের পর প্রদীপের কাছ থেকে বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য, নৌবহর চলাচলের তথ্য এবং অন্যান্য তথ্য হাতিয়ে নেন ওই পাকিস্তানি নারী।

প্রদীপের কাছ থেকে ওই নারী গোয়েন্দা কতটা তথ্য হাতিয়ে নিয়েছে, সেটি জানার জন্য তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে। এছাড়া, তাকে ওই নারী কোনো ধরনের অর্থ দিয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

 

 

আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩০

▎সর্বশেষ

ad