ফরাসি তারকা অলিসেকে ধরে রাখতে নতুন চুক্তির প্রস্তুতি বায়ার্নের

Ayesha Siddika | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখে মিচেল অলিসের পথচলা এখন পর্যন্ত দুর্দান্ত। নতুন মৌসুমের শুরুতেই তার পারফরম্যান্স নজর কেড়েছে ক্লাব কর্তাদের। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে জার্মান চ্যাম্পিয়নরা।

অলিসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত। তবে চুক্তিতে আরও সময় যোগ করার বিষয়ে উপযুক্ত সময়ে তার সঙ্গে বসতে চায় বায়ার্ন।ক্লাবটির সুপারভাইজরি বোর্ডের সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে বিষয়টি নিশ্চিত করেছেন।
জার্মান সংবাদমাধ্যমকে রুমেনিগে বলেছেন, অলিসের সঙ্গে এখনো তিন বছরের চুক্তি রয়েছে। তবে সময়মতো বসে তাকে উপযুক্ত একটি প্রস্তাব দেওয়ার প্রয়োজন হবে। একই সঙ্গে ফরাসি তারকার প্রশংসা করে তিনি বলেছেন, নিজের পজিশনে অলিসে ‘অসাধারণ’ একজন খেলোয়াড়।
বায়ার্নের এই উদ্যোগের পেছনে অলিসের সাম্প্রতিক পারফরম্যান্স বড় কারণ। নতুন মৌসুমের প্রথম সাত ম্যাচেই আট গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। অর্থাৎ সাত ম্যাচে সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
২০২৪ সালের জুলাইয়ে ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন অলিসে। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১১৪ ম্যাচে তার গোল ৫০টি, অ্যাসিস্ট ৫৮টি। এই সময়ে বায়ার্নের হয়ে দুটি বুন্দেসলিগা, দুটি জার্মান সুপার কাপ ও একটি ডিএফবি-পোকাল জিতেছেন তিনি।
অলিসেকে নিয়ে অবশ্য এর আগেও ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের খবর সামনে এসেছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাকে জড়িয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তবে বায়ার্নের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করা হয়েছে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেনও জানিয়েছেন, গ্রীষ্মের দলবদলে অলিসেকে নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি।

এর আগে স্পোর্টিং বোর্ডের সদস্য ম্যাক্স এবরলও জানিয়েছিলেন, অলিসের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে উপযুক্ত সময়ে আলোচনা করবে বায়ার্ন। তার বক্তব্য অনুযায়ী, অলিসের বর্তমান চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই এবং আগামী গ্রীষ্মের মধ্যে ফরাসি তারকা নতুন চুক্তিতে আগ্রহী কি না, সে বিষয়ে একটি ধারণা পেতে চায় ক্লাব।

 

 

আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad