পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Ayesha Siddika | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:১০:৫৯ পিএম
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দেশের চলমান সন্ত্রাস, নৈরাজ্য, ককটেল বিস্ফোরণ এবং অর্থনীতি ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল। আজ ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল সোয়া ১১ টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্ম এলাকায় পার্বতীপুর ওপেন লাইন শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে দুপুর ১২ টায় এসে শেষ হয়। এতে আনুমানিক ১২০ থেকে ১৫০ জন নেতাকর্মী ও সাধারণ শ্রমিক অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রচারণা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মিশু এবং বিভাগীয় সমন্বয়ক ফজলুর রহমান।

পার্বতীপুর রেলওয়ে শ্রমিক দল ওপেন লাইন শাখার কার্যকরী সভাপতি আবু হেনা এবং সাধারণ সম্পাদক সুমন শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক কর্মচারী লোকো শাখার জাহিদুল ইসলাম, কেলোকো শাখার সহ-সভাপতি ইলিয়াস আকন্দ এবং আইন বিষয়ক সম্পাদক টিপু।

বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রেলওয়ে শ্রমিকেরা সর্বদা ঐক্যবদ্ধ। দেশের অর্থনীতি ও রেলওয়েকে সচল রাখতে তারা যেকোনো ধরনের চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশ শেষে স্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত রয়েছে।

আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৫
▎সর্বশেষ

ad