মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ৩১৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি। আটক করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ৯৭ হাজার ৮৫০ টাকা।
২৬ সেপ্টেম্বর শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন অচিন্তপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব মাদক ও চোরাচালানি পণ্য আটক করা হয়।
বিজিবি আরও জানায়, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটকে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।
আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৫
