বিনোদন ডেস্ক : বিতর্ক তৈরি হয়েছিল গত বছর থেকে। নেপথ্যে এক দশকের বেশি পুরোনো একটি ভিডিওর শব্দচয়ন। যার জেরে অবশেষে দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরীয় জনপ্রিয় ব্যান্ডদল ব্ল্যাকপিংকের সদস্য লিসা।
এক বার্তায় এ সংগীতশিল্পী জানান, তখন তিনি ওই শব্দের অর্থ ও এর বর্ণবাদী ইতিহাস জানতেন না। লিসার নতুন তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’য় ঘটনাটি উঠে এসেছে। তথ্যচিত্রটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লিসা।
তিনি বলেন, আমাকে সত্যিই ক্ষমা চাইতে হবে। সত্যি বলতে, আমি থাইল্যান্ডে বড় হয়েছি। সেখানে এ বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি। তাই তখন আমি জানতাম না।

ভিডিওগুলো এক দশকের বেশি পুরোনো। তখন লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী ছিলেন। তারা অন্য শিল্পীদের গান অনুশীলন করছিলেন। সেসব গানের কথায় ওই বর্ণবাদী শব্দ ছিল।
২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় ভিডিওগুলো প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়। লিসা বলেন, এখন আমি বিষয়টি জেনেছি এবং এ সম্পর্কে শিক্ষা নিয়েছি। আমি আর কখনো এমন করব না। এটা ঠিক হয়নি। সত্যিই।
বিতর্কের সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে লিসাকে তার প্রতিষ্ঠান নিষেধ করেছিল বলে তথ্যচিত্রে দেখানো হয়েছে। সেই সময়ের কথা মনে করে লিসা বলেন, আমি খুব মন খারাপ করেছিলাম। কারণ, আমি শুধু আমার পরিবেশনায় মন দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আমি লড়াই করে এগিয়ে গেছি।
গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অলওয়েজ লালিসা’র প্রিমিয়ার হয়। তথ্যচিত্রে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাবে তথ্যচিত্রটি। পরে ইউটিউব প্রিমিয়ামেও দেখা যাবে এটি।
আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৫৪
