আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে একটি ‘লজ্জাজনক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে।
বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র স্থানগুলোর পবিত্রতা ও নিরাপত্তা এবং সেখানে অবস্থানরত দর্শনার্থীদের নিরাপত্তাকে কোনোভাবেই লক্ষ্যবস্তু, হুমকির সম্মুখীন বা সংঘাতের কাজে ব্যবহার করা উচিত নয়। নিজেদের নিরাপত্তা, ভূখণ্ড, ইসলামি পবিত্র স্থান এবং তীর্থযাত্রীদের রক্ষায় সৌদি আরবের গৃহীত যেকোনো পদক্ষেপের প্রতি কাতার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
এর আগে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, মক্কার দিকে হুথিদের নিক্ষেপ করা একটি ড্রোন তারা মাঝপথেই প্রতিহত ও ধ্বংস করেছে। তবে পবিত্র এই স্থানটিতে হামলা চালানোর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের এই অভিযোগকে তারা একটি ‘ন্যক্কারজনক মিথ্যা’ বলে অভিহিত করেছে।
আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪৪
