স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে স্প্যানিশ ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেললেও স্পেনের ফুটবলের সঙ্গে তার আত্মিক ও ব্যবসায়িক সম্পর্ক শেষ হয়ে যায়নি। স্প্যানিশ ফুটবলে নতুন করে নিজের প্রভাব বাড়াতে আরও একটি ক্লাবের মালিকানা নিতে যাচ্ছেন এই ফুটবল কিংবদন্তি।
আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের (সেহুন্দা ডিভিশন) ক্লাব ‘এলদেনসে’ কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ৩৯ বছর বয়সী মেসি। ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়াদি যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই চুক্তিটি চূড়ান্ত হবে।
এটি হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে স্প্যানিশ পঞ্চম বিভাগের ক্লাব ‘কর্নেয়া’ কিনেছিলেন তিনি। তবে কর্নেয়া আধা-পেশাদার দল হওয়ায়, এলদেনসে হতে যাচ্ছে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব। এছাড়াও উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’-এর আংশিক মালিকানায় ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যুক্ত আছেন তিনি।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে ক্লাবের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। বেশিরভাগ সময় নিচের সারির লিগে কাটানো ক্লাবটি ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয়। এবারের গ্রীষ্মে ফের দ্বিতীয় বিভাগে উঠে আসলেও ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। চলতি মৌসুমে চার ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় সম্প্রতি বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ ক্লদিও বারাগানকে। ৫,৭৭৬ আসনবিশিষ্ট ক্ষুদ্র স্টেডিয়াম ‘নুয়েভো পেপিকো আমাত’-এর ক্লাবটি বর্তমানে কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ ‘গ্রুপো টিএইচ’-এর অধীনে রয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, দুটি ভিন্ন ক্যাটাগরির (দ্বিতীয় ও পঞ্চম বিভাগ) দল হওয়ায় দুটি ক্লাবের মালিকানায় মেসির তাৎক্ষণিক কোনো আইনি জটিলতা থাকছে না। তবে ভবিষ্যতে কর্নেয়া যদি উন্নতি করে দ্বিতীয় বিভাগে উঠে আসে, সেক্ষেত্রে একাধিক ক্লাবের সংখ্যাগরিষ্ঠ শেয়ার থাকা নিয়ে নীতিগত জটিলতা তৈরি হতে পারে। বর্তমানে কঠিন সময় পার করা এই ছোট ক্লাবটি এখন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির হাত ধরে এক নতুন মোড় ও পরিবর্তনের স্বপ্ন দেখছে।
আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০
