তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

Anima Rakhi | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৩২:৪৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক  : তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন নেপালের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি, আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার তিব্বতে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। বার্তা সংস্থা রয়টার্সও এ তথ্য জানিয়েছে।

এদিকে কয়েক দিন আগে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও হিমবাহ ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ আগস্টের ওই বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৩২৬ জন।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যা ও সংশ্লিষ্ট দুর্যোগে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ এবং নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৮৪৫ জনে দাঁড়িয়েছে।

নেপালের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্য সমন্বয় করে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করার কাজ করছে কর্তৃপক্ষ। চীন-নেপাল সীমান্তের কাছে হিমবাহ ও পাহাড় ধসে সড়ক, সেতু ও ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর উদ্ধার অভিযান ইতোমধ্যে ১৪তম দিনে গড়িয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে শত শত জলবিদ্যুৎকেন্দ্রের কর্মীও রয়েছেন। উদ্ধারকারীরা শুক্রবার গভীর একটি টানেলের ভেতর আটকে থাকা দুই নেপালিকে উদ্ধার করেন। পরদিন শনিবার আরও একজন চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। এতে দুর্যোগের পর এখনো আরও মানুষকে জীবিত উদ্ধারের আশা তৈরি হয়েছে।

তবে হিমবাহ ধসের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

কিউটিভি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৯:৩০
▎সর্বশেষ

ad