নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা

Ayesha Siddika | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:২৯:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নাচের ক্লাশে যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধের জেরে ৩৮ বছর বয়সি এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম ইয়ামিনী কৃষ্ণ লাল যাদব।এ ঘটনায় তার ৪১ বছর বয়সি স্বামী কৃষ্ণ লাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। দম্পতির দুটি ছোট সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ইয়ামিনীর মৃত্যু হয়। ঘটনার দিন কর্মস্থল থেকে বাড়ি ফিরে কৃষ্ণ লাল স্ত্রীকে তার ও সন্তানদের জন্য খাবার তৈরি করতে বলেন। তবে ইয়ামিনী তখন তাদের আবাসিক এলাকার একটি নাচের ক্লাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রান্না করতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ সহিংসতায় রূপ নেয়।

পুলিশের দাবি, ঘটনার সময় কৃষ্ণ লাল মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি তাদের দুই সন্তানের সামনেই ইয়ামিনীর ঘাড় ও পেটে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে ইয়ামিনী ঘাড় ও পেটে তীব্র ব্যথার কথা জানিয়ে স্বামীকে ব্যথানাশক ওষুধ আনতে বলেন। কৃষ্ণ লাল ওষুধ কিনতে একটি দোকানে গেলেও সেটি বন্ধ থাকায় ওষুধ ছাড়াই বাড়ি ফিরে আসেন।

এরপর ইয়ামিনীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গুরুতর অভ্যন্তরীণ আঘাতের কারণে তার পেট ফুলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে লাশ ময়নাতদন্তে পাঠায়। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে ইয়ামিনীর ঘাড়ের হাড় ভেঙে যাওয়া এবং অন্ত্রে গুরুতর ক্ষতির তথ্য উঠে আসে। এছাড়া গলায় চাপ দেওয়ার চিহ্নও পাওয়া যায়।

নিহতের ভাই জানান, প্রথমে পরিবারটি ইয়ামিনীর মৃত্যুকে একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করেছিল। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে গুরুতর আঘাত ও শ্বাসরোধের আলামত পাওয়ার পর পুলিশ তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে গ্রেফতার করে।

তিনি সাংবাদিকদের বলেন, তাদের বোনের সঙ্গে স্বামীর আগেও বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। ইয়ামিনী মাঝেমধ্যে পরিবারের কাছে এসব বিরোধের কথা জানালেও পরিবারের সদস্যদের হস্তক্ষেপ করতে নিষেধ করতেন।

তার আশঙ্কা ছিল, বিষয়টি নিয়ে পরিবার হস্তক্ষেপ করলে পরবর্তীতে তাকে আরও সমস্যার মুখে পড়তে হতে পারে। পুলিশ কৃষ্ণ লাল যাদবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার মামলা করেছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে। 

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad