শেখ ফরিদ, দেবীগঞ্জ,পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২০নং পূর্ব দেবীডুবা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানু (বিউটি)-এর দীর্ঘ কর্মজীবনের অবসরে
জমকালো ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ মার্জিনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ রাব্বুল আলম, মোঃ রবিউল ইসলাম, মোঃ রশিদুল ইসলাম, মোঃ আব্দুর রশিদ প্রধান, মোঃ হামিদার রহমান, মোঃ দুলাল হোসেন, শ্রী জগদীশ চন্দ্র রায় ও হামিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান। বক্তারা বিদায়ী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, একজন আদর্শ,দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ তাঁকে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন করে তুলেছে।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর কর্মজীবনের শেষে শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায় প্রতিফলিত হয়। হাসিনাতুজ্জাকিয়া বানুর বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও মানুষের হৃদয়ে তৈরি করা ভালোবাসারই বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করা হয়। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রিয় শিক্ষকের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়ার মুহূর্তটি হয়ে ওঠে অত্যন্ত আবেগঘন।
দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের স্মৃতিচারণ ও ভালোবাসায় পুরো অনুষ্ঠানস্থলে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানু (বিউটি) তাঁর দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর অবসরজীবনের জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন। শেষে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা বিদায়ী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসরজীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:০৩
