আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ বিকল্প পদ্ধতি চালুর আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ফলে আপাতত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হিসেবে ফাঁসিতে ঝোলানোর বিধানই বহাল থাকছে। তবে ভবিষ্যতে বৈজ্ঞানিক ও চিকিৎসাগতভাবে শক্তিশালী প্রমাণ সামনে এলে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ থাকবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
আবেদনে আরও বলা হয়, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে জীবনের অধিকার ও ব্যক্তিগত মর্যাদার বিষয়টি সুরক্ষিত রয়েছে। মৃত্যুর ক্ষেত্রেও সেই মর্যাদা রক্ষা করা প্রয়োজন। আবেদনকারী পক্ষের দাবি ছিল, ফাঁসিতে মৃত্যুর প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগতে পারে। অন্যদিকে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে অপেক্ষাকৃত কম সময়ে মৃত্যু ঘটানো সম্ভব।
এ কারণে ফৌজদারি কার্যবিধির ৩৫৪ নম্বর ধারার উপধারা (৫)-এ মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ফাঁসির যে বিধান রয়েছে, সেটিকে অসাংবিধানিক ঘোষণার দাবিও জানানো হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে আগে দেওয়া তিনটি রায় বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদনও করা হয়েছিল।
তবে সেই আবেদন গ্রহণ করেনি সর্বোচ্চ আদালত। বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান আবেদন খারিজ করার অর্থ এই নয় যে মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি নিয়ে ভবিষ্যতে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল। শক্তিশালী বৈজ্ঞানিক ও চিকিৎসাগত প্রমাণ সামনে এলে বিষয়টি আবারও পর্যালোচনা করা যেতে পারে।
আদালত জানিয়েছে, কেন্দ্রীয় সরকার চাইলে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করতে পারে। সেই কমিটি মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতিগুলোর বৈজ্ঞানিক, চিকিৎসাগত ও বাস্তব দিক খতিয়ে দেখতে পারে।
কেন্দ্রের পক্ষে আদালতে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হবে, তা নিয়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির মতামত বিবেচনার সুযোগ থাকা উচিত। কেন্দ্র অবশ্য সেই যুক্তির বিরোধিতা করে জানিয়েছিল, এমন ব্যবস্থা বাস্তবে কার্যকর করা সহজ নয়।
শেষ পর্যন্ত বর্তমান আবেদনে ফাঁসির পরিবর্তে বিকল্প পদ্ধতি চালুর দাবি মেনে নেয়নি সুপ্রিম কোর্ট। ফলে আপাতত ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির দড়িই বহাল থাকল। তবে আদালতের পর্যবেক্ষণে ভবিষ্যতে বৈজ্ঞানিক ও চিকিৎসাগত প্রমাণের ভিত্তিতে এ বিতর্ক আবারও সামনে আসার সম্ভাবনা খোলা রইল।
আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০৫
