আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে অভিবাসীবোঝাই একটি ছোট নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
ফ্রান্সের চ্যানেল ও নর্থ সি মেরিটাইম প্রিফেকচার জানিয়েছে, নৌকাটি ফ্রান্স থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার পর এর ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার পর নৌকাটির কাঠামো দ্রুত দুর্বল হয়ে পড়লে সেটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া অভিবাসীদের ফ্রান্সের উপকূলীয় শহর বুলোইন-সুর-মের বন্দরে নেওয়া হচ্ছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি সোমবার রাতেই ফ্রান্সের উপকূল ত্যাগ করে।
রাতের অভিযানে নৌকায় থাকা পাঁচজনকে উদ্ধার করা হলেও বাকি যাত্রীরা তখন ফরাসি টহল নৌকার দেওয়া সহায়তা নিতে অস্বীকৃতি জানান।
কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাজ্যে পৌঁছানোর দৃঢ় ইচ্ছা থেকেই ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়া অনেক অভিবাসী সাধারণত জরুরি পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত উদ্ধার প্রস্তাব গ্রহণ করেন না।
এছাড়া নৌকাটির কাঠামো অত্যন্ত নাজুক হওয়ায় রাতেই বড় ধরনের উদ্ধার অভিযান চালালে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারত বলে জানায় ফরাসি প্রশাসন।
মঙ্গলবার সকালে নৌকাটির ইঞ্জিনে আগুন লেগে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। এরপর ফ্রান্স ও যুক্তরাজ্যের একাধিক উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
অভিযানে অংশ নেয় যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই)-এর ইস্টবোর্ন লাইফবোট এবং যুক্তরাজ্য বর্ডার ফোর্সের বিএসসি কনটেন্ডার ও বিএসসি কারেজিয়াস নামের দুটি জাহাজ।
ফরাসি উদ্ধারকারী নৌযান ১০৩ জন এবং ব্রিটিশ উদ্ধারকারী জাহাজ ৫৪ জনকে উদ্ধার করে।
এর আগে যুক্তরাজ্যের কোস্টগার্ডও জানায়, ফরাসি অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে একটি নৌযানে আগুন লাগার পর ব্রিটিশ উদ্ধারকারী জাহাজ ও লাইফবোটগুলো উদ্ধারকাজে সহায়তা করছে।
অভিবাসন ইস্যুতে নতুন করে রাজনৈতিক বিতর্ক
এ ঘটনা এমন সময় ঘটল, যখন যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন ঠেকানোর নীতি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
সম্প্রতি হাজারো অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা সীমান্তে প্রবেশের চেষ্টা করার পর ইউরোপজুড়ে অভিবাসন সংকট আবারও আলোচনায় এসেছে।
সোমবার ডোভার সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ছোট নৌকায় করে অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে তার সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি বলেন, “মানুষ চায় এই সমস্যার কার্যকর সমাধান হোক।”
প্রধানমন্ত্রী জানান, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে চ্যানেলের উভয় পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ ও বৈধ অভিবাসনের পথও গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, বিরোধী কনজারভেটিভ পার্টি অভিযোগ করেছে, অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। আর রিফর্ম ইউকে জানিয়েছে, ক্ষমতায় গেলে তারা ছোট নৌকায় অভিবাসীদের চ্যানেল পারাপার ঠেকাতে নৌবাহিনী মোতায়েন করবে। সূত্র: বিবিসি
কিউটিভি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৩৬
