আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হকের পক্ষে গণসংযোগ ও দোয়া-সমর্থন কামনা করেছেন এলাকাবাসী ও তার সমর্থকরা। সন্ধ্যায় ইয়ারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ করেন তারা। এ সময় বিভিন্ন চায়ের দোকান, পাড়া-মহল্লা ও স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করা হয়।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক বলেন, “আমি এই ইউনিয়নের সন্তান। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ এবং জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না, রাজ্জাক মীর, শাজাহান, আবুল মীর, নিজাম ফকির, আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক ইমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ গণসংযোগে অংশগ্রহণ করেন।
আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৮:১৫
