স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পর গোলপোস্টের জাল কেটে নেওয়ার দৃশ্যটা চোখে পড়েছে নিশ্চয়ই। আর্জেন্টিনাকে হারানোর পর স্পেনের ফুটবলাররা এমন অভিনব উদযাপন করেছেন। ফেরান তোরেস, লামিন ইয়ামাল, উনাই সিমনসহ দলের অনেক খেলোয়াড় কাঁচি দিয়ে গোলপোস্টের জালের অংশ কেটে নিজেদের কাছে রেখে দেন।
এই রীতির সূচনা হয় ১৯৪৭ সালে। সে বছর নর্থ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের কোচ এভারেট কেস সাদার্ন কনফারেন্স শিরোপা জয়ের পর খেলোয়াড়দের কাঁধে উঠে বাস্কেটের জাল কেটে সংগ্রহ করেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের কলেজ বাস্কেটবলে শিরোপা জয়ের অন্যতম প্রতীকী উদ্যাপনে পরিণত হয় জাল কেটে নেওয়া।
এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় স্পেনের ফুটবলাররাও সেই ঐতিহ্য অনুসরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজয়ের স্মারক হিসেবে গোলপোস্টের জালের একটি অংশ নিজেদের কাছে রেখে দেন তারা।
ফুটবলে এমন দৃশ্য সচরাচর দেখা না গেলেও, স্পেনের এই উদ্যাপন বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে বিশ্বজয়ের স্মৃতি ধরে রাখার একটি ব্যতিক্রমী উপায় হিসেবে উল্লেখ করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার তারকা আনহেল ডি মারিয়াকেও ফাইনালের গোলপোস্টের জালের একটি অংশ সংগ্রহ করতে দেখা গিয়েছিল।
আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৯:০৫
