প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৬ - ১১:৩৪:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ মাঠে নেমেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ আফ্রিকান দল মিশর। প্রথমার্ধেই এই ম্যাচে নায়ক বনে গেছেন মিশরের গোলরক্ষক মোহাম্মদ শোবেইর।

ম্যাচের শুরুতেই মাঝমাঠে সমস্যায় পড়ে আর্জেন্টিনা। শুরুর ৫ মিনিটে পজিশনের ভুলে দুইবার বল হারায় দলটি। ১৪ মিনিটে এগিয়ে যায় মিশর। কর্নার থেকে ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করেন ইয়াসির ইব্রাহিম।

এরপরই শুরু হয় শোবেইর শো’র। ১৯ মিনিটে আর্জেন্টিনা পায় পেনাল্টি। বক্সের ভেতর নিকলাস তালিয়াফিকোকে ফাউল করা হয়। স্পট কিক নিতে আসেন মেসি। তিনি শট নেন ডান দিকে। কিন্তু শোবেইর ঠিক দিকেই ঝাঁপ দিয়ে বল ঠেকিয়ে দেন। 

পেনাল্টি মিসের পরও থেমে থাকেনি আর্জেন্টিনা। ডানপাশ থেকে ডি পল ক্রস বাড়ান বক্সে। সেখান থেকে দারুণ হেড করেন ম্যাক আলিস্টার। কিন্তু পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকেও সেই শট ঠেকিয়ে দেন শোবেইর।

৩০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির নেওয়া দুর্দান্ত শট গিয়ে লাগে বাম পাশের বারপোস্টে। তা আরেকটু ভেতরে থাকলেও শোবেইরের হাতেই যেত, ঠিক দিকেই লাফ দিয়ে কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি।

এরপর বক্সে তালিয়াফিকোর পাস পান হুলিয়ান আলভারেজ। তার জোরালো শটও ঠেকিয়ে দেন শোবেইর। বল তার হাতে ছুঁয়ে বেরিয়ে যায় পোস্টের বাইরে দিয়ে।

প্রথমার্ধ শেষে তাই এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। পুরো প্রথমার্ধ জুড়ে একাই দলকে আগলে রাখলেন মিশর গোলরক্ষক মোহাম্মদ শোবেইর।

 

 

আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad