ডেস্কনিউজঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আফগানিস্তানের তালেবান প্রশাসনের বিরুদ্ধে ভারত-সমর্থিত কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আফগান ভূখণ্ড থেকে পরিচালিত জঙ্গি হুমকির বিরুদ্ধে ইসলামাবাদ সামরিক অভিযান অব্যাহত রাখবে।
বুধবার (২৭ মে) পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় শেহবাজ বলেন, দেশের পারমাণবিক সক্ষমতা ও সশস্ত্র বাহিনীই শত্রুদের বিরুদ্ধে প্রধান প্রতিরোধ শক্তি।
তিনি দাবি করেন, তালেবান প্রশাসন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মতো জঙ্গি প্রক্সিদের সহায়তা দিয়ে বৈরী তৎপরতা চালাতে সুযোগ করে দিচ্ছে। জঙ্গি হুমকি নির্মূলে ‘অপারেশন গাজাব-উল-হক’ অব্যাহত থাকবে উল্লেখ করে শেহবাজ বলেন, পাকিস্তানের ভূখণ্ডে হামলা চলতে দিলে ইসলামাবাদ তা সহ্য করবে না।
সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত সংঘর্ষ, জঙ্গি হামলা এবং আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক তীব্র অবনতির দিকে গেছে।
ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে, তালেবান প্রশাসন আফগান ভূখণ্ডকে টিটিপি যোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। যদিও তালেবান এসব অভিযোগ অস্বীকার করেছে।
খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে হামলা বেড়ে যাওয়ার পর সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা অভিযান জোরদার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক অভিযানে শত শত জঙ্গি নিহত হয়েছে। তবে তালেবান কর্তৃপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করেছে।
বিপুল/২৯.০৫.২০২৫/বিকাল ৩.৩৭
