৮ জেলায় র‌্যাবের নিরাপত্তা জোরদার

superadmin | আপডেট: ২৬ মে ২০২৬ - ০৪:২১:৪৫ পিএম

ডেস্কনিউজঃ ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৮ জেলায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৮। হাটগুলোতে ওয়াচ টাওয়ার, পেট্রোল এবং টহলসহ বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করেছে তারা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বরিশাল নগরীর দপদপিয়া এলাকায় কীর্তনখোলা সেতুর ঢালে অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বরিশাল র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল জোবায়ের এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, মাদারীপুরসহ আটটি জেলার কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে হাট এলাকা মনিটরিং করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধে কন্ট্রোল রুমে শনাক্তকরণের জন্য অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, বরিশালসহ আট জেলার ঈদগাহে গোয়েন্দা কার্যক্রমসহ পর্যাপ্ত টহল দলের মাধ্যমে ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট ২০ টহল টিম কাজ করছে তাদের।

এছাড়াও বাস ও লঞ্চ টার্মিনাল, শপিং মল এবং শহরের আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং নদীতে বোট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল জোবায়ের ছাড়াও কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন পশুর হাট এবং বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন।

বিপুল/২৬.০৭.২০২৬/বিকাল ৪.১৭

▎সর্বশেষ

ad