বৈরী আবহাওয়ার কারণে সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

superadmin | আপডেট: ২৬ মে ২০২৬ - ০৩:৫৩:৪৪ পিএম

ডেস্কনিউজঃ দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঈদুল আজহার ছুটির মধ্যে আকস্মিক এই সিদ্ধান্তের ফলে সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার ঘরমুখো যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক জরুরি বার্তায় লঞ্চ চলাচল সাময়িক স্থগিতের এই তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও মুষলধারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নদী উত্তাল হয়ে ওঠায় এবং নৌপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রীদের জানমালের নিরাপত্তা বিবেচনায় সদরঘাট থেকে ঢাকা-বরিশালসহ সব রুটের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

আরিচা ও পাটুরিয়াতেও নৌযান বন্ধ ছিল এর আগে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী প্রচণ্ড উত্তাল হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। এতে ঘাটের উভয় প্রান্তে শত শত পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে।

তবে ঝড়ের তীব্রতা কিছুটা কমে আসায় এবং পরিস্থিতির উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আরিচা-কাজিরহাট রুটে নৌযান চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।

বিপুল/২৬.০৭.২০২৬/বিকাল ৩.৪৮

▎সর্বশেষ

ad