এটা আমাদের কাছে ফাইনালের মতো: বায়ার্ন ম্যাচ নিয়ে বেলিংহ্যাম

Ayesha Siddika | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ - ১১:১৯:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : সেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে হেরে গেছে তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার দ্বিতীয় লেগ। এ ম্যাচে হারলেই রিয়াল মাদ্রিদকে শিরোপাহীন মৌসুম কাটাতে হবে। এটাকে তো দেয়ালে পিঠ ঠেকে যাওয়াই বলে!

এই অবস্থায় বায়ার্ন ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখছেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুদে বেলিংহ্যাম। ম্যাচটা কঠিন হবে বলেই মনে করেন তিনি, আর হবে প্রচন্ড চাপের। সবটা উজার করে দেওয়া ছাড়া আর কিছু ভাবছেন না তিনি। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বেলিংহ্যাম বলেন, ‘আমি মনে করি এটা কঠিন হবে। স্কোরবোর্ডে আমরা পিছিয়ে আছি।

এটা আমাদেরই দোষ। ম্যাচটা খুব দীর্ঘ ও কঠিন হতে যাচ্ছে, তাই আমাদের শক্তভাবে শুরু করতে হবে। যেকোনো হারই বিপর্যয়, আর আমরা যে অবস্থায় আছি, এটা আমাদের জন্য ফাইনালের মতো। অনেক কিছুই ঝুঁকিতে আছে, তাই আমাদের ভালো খেলতে হবে। এটা এখন ‘করো বা মরো’ পরিস্থিতি। এটাই আমাদের মানসিকতা, এবং আমরা লুকাব না। আমরা বিশ্বাস করি, কারণ আমাদের আর কোনো সুযোগ নেই। এটা এমন একটি ম্যাচ যা আমাদের খেলতে হবে এবং জিততেই হবে।

সব হারানো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগটি জিততে চায়। বেলিংহ্যাম বলেন, ‘লা লিগায় আমাদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমরা কোপা দেল রেতেও নেই। তাই এটা আমাদের জন্য ফাইনালের মতো। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, এবং জয়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলব।’

 

 

আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ১১:১৬

▎সর্বশেষ

ad