
স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পান ফিল সিমন্স, তখন বিসিবি সভাপতি ছিলেন ফারুক আহমেদ। সে বছরের ১৬ মে সিমন্স বাংলাদেশে আসার সপ্তাহ দুয়েক পরই ফারুক আহমেদকে সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। ১০ মাস দায়িত্বে থাকার পর গত ৭ এপ্রিল আমিনুলের নির্বাচিত পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এখন বিসিবিতে অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল।
এব্যাপারে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না (হাসি)। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, এটা জীবন নিয়েই আমার উপলব্ধি। আমি এতটাই চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি যে আমি জানি, প্রতিদিন কত কিছু ঘটে যেতে পারে, তাই কোনো কিছুতেই আমি আর বিস্মিত হই না।’
ক্যারিবীয় এই তারকা বলেন, ‘একটা সিরিজের প্রস্তুতির জন্য আমরা যেভাবে দলকে তৈরি করি বা যে পরিশ্রম করি, সেখানে কোনো পার্থক্য গড়ে দেয়নি (সভাপতি বদলে যাওয়া) এটা। কোচিং গ্রুপ হিসেবেও আমাদের কাজের ধরনে এটি কোনো প্রভাব ফেলেনি।’
সিমন্স আরও বলেন, ‘আমরা কী করছি বা কীভাবে অনুশীলন করছি, তাতে এটা কোনো প্রভাব ফেলেনি। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই সব শেষ হয়েছে। আর যদি খেলোয়াড়দের ওপর প্রভাবের কথা জিজ্ঞাসা করেন, তবে তা তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে। কারণ, আমি ব্যক্তিগতভাবে কোনো মানসিক প্রভাব দেখতে পাচ্ছি না। তারা সব কাজ ঠিকঠাক করেছে, বরাবরের মতোই কঠোর পরিশ্রম করেছে এবং কেউ কেউ তো স্বাভাবিকের চেয়েও বেশি খেটেছে। সিরিজের প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, তার সবই তারা করে যাচ্ছে।’
আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শুরু। তিন ম্যাচের এ সিরিজে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। এরপর তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ১১:০০






