ম্যাচ জিতেও যে আক্ষেপে পুড়ছেন বার্সা কোচ

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ - ০৩:১৯:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালোই কাটছে বার্সেলোনার। গতরাতে তারা শাখতারকে হারিয়ে ধরে রেখেছে গ্রুপের শীর্ষস্থান। তবে একটি আক্ষেপ রয়ে গেছে কাতালান ক্লাবটির কোচ জাভি হের্নান্দেসের। তার মতে, ব্যবধানটা হতে পারত আরও বড়।

শাখতারের বিপক্ষে ২-১ গলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধেই ফেররান তরেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেস। দ্বিতীয়ার্ধে শাখতার এক গোল দিয়ে ম্যাচ জমিয়ে তুললেও থামাতে পারেনি লা লিগা শিরোপাধারীদের জয়রথ।

ম্যাচে বার্সেলোনার আক্রমণের সংখ্যা ছিল ১৯টি। যার ৬টি ছিল পোস্টে। সেখান থেকে জালে গেছে মাত্র ২টি। জাভি মনে করছেন, আর গোল পাওয়া উচিত ছিল তাদের। “আমি মনে করি, সত্যিই শাখতার ম্যাচটা আমাদের জন্য জটিল করে তুলেছিল। তারা বলের জন্য লড়াই করেছে, তারা আমাদের মতোই খেলতে চেয়েছিল-টেকনিক্যাল দিক থেকে তারা ভালো ছিল।”

“আমরা কয়েকটা ভুল করেছিলাম, কিন্তু সব মিলিয়ে নিজেদের খেলার মান নিয়ে খুশি আমি। আমি আসলেই বিশ্বাস করি, আরও বড় ব্যবধানে জিততে পারতাম আমরা।”এই জয়টি অনেক কারণেই বার্সেলোনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চোট জর্জর দল নিয়ে টানা তিন জয়ে গ্রুপে শীর্ষে আছে তারা। আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোর আগে বাড়তি আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিয়েছে তারা।

 

 

কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad