যুদ্ধবিরতির পথে ইরান ও যুক্তরাষ্ট্র

superadmin | আপডেট: ১৬ জুন ২০২৬ - ০৯:১৪:৫৫ পিএম

ডেস্কনিউজঃ টানা ১০৯ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতির পথে বড় পদক্ষেপ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। দু’পক্ষের মধ্যে ঐতিহাসিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সমঝোতার মাধ্যমে আগামী শুক্রবারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ঐতিহাসিক নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এই চুক্তির মাধ্যমে লেবাননসহ সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক সংঘাতের অবসান ঘটবে। একই সঙ্গে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধও তুলে নেওয়া হচ্ছে। তবে ইরানের পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো নিয়ে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর পরবর্তী ৬০ দিনের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

এই সমঝোতা স্মারককে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমেরিকার জনগণের জন্য একটি ‘উইন-উইন’ বা উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একে ‘ঐতিহাসিক প্রতিরোধের পর চূড়ান্ত বিজয়ের দিকে একটি বড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

চুক্তির প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে পড়তে শুরু করেছে এবং অপরিশোধিত তেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে এই চুক্তির বিরোধিতা শুরু হয়েছে ইসরায়েলে। মার্কিন-ইরান সমঝোতা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাদের সেনারা দক্ষিণ লেবানন দখল করে রাখবে। নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা এই চুক্তি মানতে অস্বীকৃতি জানিয়ে লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

চুক্তি অনুযায়ী আগামী ৬০ দিন হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনো জাহাজের ওপর শুল্ক বা টোল আরোপ করা হবে না। মধ্যপ্রাচ্যে দীর্ঘ চার মাস পর শান্তি ফিরে আসার এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে ইউক্রেন ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ।

বিপুল/১৬.০৬.২০২৬/রাত ৯.০৯

▎সর্বশেষ

ad