পার্টি অফিসে বাবাসহ হেনস্তার শিকার ‘বিগ বস’ খ্যাত অর্চনা

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:৫০:০২ পিএম

বিনোদন ডেস্ক : দিল্লির কংগ্রেসের দফতরে দলের কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন ‘বিগ বস’ খ্যাত অর্চনা গৌতম। এসময় সঙ্গে ছিলেন তার বৃদ্ধ বাবাও। তিনিও রেহাই পাননি এ থেকে। টেলিভিশনের পরিচিত মুখ হলেও রাজনৈতিক কর্মী হিসাবে নিজের তৈরি করা জায়গা খোয়াতে চান না বলে কংগ্রেসের দফতরে গিয়েছিলেন তিনি। সেখানেই হেনস্তার শিকার হন।

সোশ্যালে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লিতে কংগ্রেসের এক দফতরে বাবার সঙ্গে ঢুকছেন অর্চনা। কিন্তু পার্টি অফিসে ঢোকার মুখেই তাদেরকে বাধা দেওয়া হয়। হঠাৎ করে তাদেরকে আক্রমণ করেন কংগ্রেসের কিছু কর্মী ও সমর্থক। ইট তুলেও মারতেও যান কেউ কেউ। হেনস্থার শিকার হয়েছেন অর্চনার বাবাও।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় পড়ে গিয়েছেন অর্চনার বৃদ্ধ বাবা। তার জন্য চিৎকার করে জল চাইছেন অর্চনা। কিন্তু দলীয় কর্মীরা সবাই মিলে রীতিমতো মারধর করছেন অর্চনা ও তার বাবাকে।

জানা গেছে, মহিলা সংরক্ষণ বিল পাশে সাফল্যের জন্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং নেতা মল্লিকার্জুন খড়্গেকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অর্চনা ও তার বাবা। তবে সেটা আর সম্ভব হয়ে উঠেনি। তবে কেন পার্টি অফিসে ঢোকার মুখে এমন উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়তে হল অর্চনাকে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

গত বছর টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৬তম সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী অর্চনা গৌতম। ‘বিগ বস ১৬’-র ঘরে অন্যান্য প্রতিযোগীর মাঝখানে নজর কেড়েছিলেন তিনি। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক ও বলিউড তারকা সালমান খানের নজরেও পড়েছিলেন অর্চনা। এরপরে ‘খাতরো কি খিলাড়ি’ শোতেও অংশগ্রহণ করেছেন তিনি।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৯

▎সর্বশেষ

ad