ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

দোয়ার শুরুতে যেসব বরকতময় বাক্য পড়বেন

Ayesha Siddika | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ - ০৯:২৫:২৩ পিএম

ডেস্ক নিউজ : দোয়া মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। সুখে-দুঃখে, বিপদে-আপদে, অভাব-অনটনে কিংবা কোনো প্রয়োজন পূরণের আশায় একজন মুমিন সবার আগে ফিরে যান মহান আল্লাহর দরবারে। কারণ তিনিই সবকিছুর মালিক, তিনিই বান্দার ফরিয়াদ শোনেন এবং তিনিই প্রয়োজন পূরণের সর্বোত্তম ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বান্দাকে তার কাছে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং দোয়ার জবাব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

তবে দোয়া শুধু নিজের প্রয়োজন ও চাওয়া-পাওয়া তুলে ধরার নাম নয়; বরং এটি আল্লাহর প্রতি ভালোবাসা, বিনয়, আনুগত্য ও নির্ভরতার প্রকাশ। তাই দোয়া করারও রয়েছে কিছু আদব ও উত্তম পদ্ধতি। এর মধ্যে অন্যতম হলো— দোয়ার শুরুতে মহান আল্লাহর প্রশংসা ও গুণগান করা এবং প্রিয়নবী মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ করা। এরপর বিনম্রচিত্তে নিজের প্রয়োজন তুলে ধরা।

কুরআন ও হাদিসে আল্লাহর প্রশংসা এবং দোয়ার জন্য বেশ কিছু সুন্দর ও বরকতময় বাক্য শেখানো হয়েছে। এসব বাক্যের মাধ্যমে কীভাবে দোয়া শুরু করবেন, তা জানা থাকলে দোয়ার সৌন্দর্য ও বিনয় আরও বৃদ্ধি পায়।

কুরআন-হাদিসে দোয়ার গুরুত্ব ও ফজিলত

পবিত্র কুরআন ও হাদিসে বিভিন্নভাবে বান্দাকে আল্লাহর কাছে দোয়া করার নির্দেশ ও উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন—

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

‘তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: আয়াত ৬০)

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন—

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

‘আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, তখন (বলুন) নিশ্চয়ই আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৮৬)

এ দুটি আয়াত থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা তার বান্দার অত্যন্ত নিকটবর্তী এবং তিনি বান্দার প্রার্থনা শোনেন। বান্দার প্রতি তার রহমত ও অনুগ্রহের দরজা সব সময় খোলা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ

‘যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন।’ (তিরমিজি ৩৩৭৩)

তাই আল্লাহর কাছে চাওয়া ও প্রার্থনা করা বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই জীবনের প্রতিটি প্রয়োজনে তার কাছেই সাহায্য চাওয়া উচিত।

দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠের গুরুত্ব

দোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আদব হলো— প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণগান করা, এরপর রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ পাঠ করা এবং তারপর নিজের প্রয়োজন ও চাওয়া-পাওয়া তুলে ধরা।

হজরত ফাজালা ইবনে উবাইদ (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি দোয়া করার সময় আল্লাহর প্রশংসা করেননি এবং রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদও পাঠ করেননি। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘সে তাড়াহুড়া করেছে।’ এরপর তিনি বললেন—

إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ ﷺ، ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ

‘তোমাদের কেউ যখন দোয়া করবে, তখন সে যেন প্রথমে তার মহান রবের প্রশংসা ও গুণগান করে। এরপর নবী (সা.)-এর ওপর দরুদ পাঠ করে। তারপর নিজের ইচ্ছামতো দোয়া করে।’ (আবু দাউদ ১৪৮১, তিরমিজি ৩৪৭৭)

এ হাদিস থেকে দোয়ার একটি সুন্দর পদ্ধতি জানা যায়। প্রথমে আল্লাহর প্রশংসা এরপর দরুদ এবং সবশেষে নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করা। তবে এ ক্রমকে দোয়া কবুলের অপরিহার্য শর্ত মনে করা ঠিক নয়; বরং এটি দোয়ার উত্তম আদব।

দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসায় যেসব বাক্য পড়বেন

কুরআন ও হাদিসে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণার অনেক বাক্য রয়েছে। সেগুলোর মধ্য থেকে কয়েকটি বাক্য দোয়ার শুরুতে পড়তে পারেন—

১. আল্লাহর প্রশংসা ও রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ

উচ্চারণ: ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিও ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।’

অর্থ: ‘সব প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর আমাদের নবী মুহাম্মদ (সা.), তার পরিবারবর্গ ও সব সাহাবির ওপর রহমত ও শান্তি বর্ষিত হোক।

এটি আল্লাহর প্রশংসা ও রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ পাঠের একটি সুন্দর সমন্বিত বাক্য। এর প্রথম অংশ কুরআনের সুরা ফাতিহার প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় অংশটি দরুদ ও সালামের প্রচলিত দোয়া।

২. আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

উচ্চারণ: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’

অর্থ: ‘আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি। মহান আল্লাহ কতই না পবিত্র!’

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَٰنِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

‘দুটি বাক্য জিহ্বায় উচ্চারণ করা সহজ, আমলনামার পাল্লায় অত্যন্ত ভারী এবং পরম করুণাময়ের কাছে অত্যন্ত প্রিয়— সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’ (বুখারি ৬৬৮২, মুসলিম ২৬৯৪)

এই জিকিরের মাধ্যমে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা প্রকাশ পায়। তাই দোয়ার আগে বা অন্য সময়ও এটি পড়া যায়।

কুরআনে বর্ণিত বিশেষ কিছু দোয়া

পবিত্র কুরআনে নবী-রাসুল ও নেককার বান্দাদের বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। এসব দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর প্রশংসা, তার কাছে ক্ষমা প্রার্থনা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা এবং বিপদে ধৈর্য ও অবিচলতা চাওয়ার শিক্ষা। দোয়ার শুরুতে কিংবা নিজের প্রয়োজন অনুযায়ী এসব কুরআনি দোয়া পড়তে পারেন—

১. দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার দোয়া

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: ‘রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান নার।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদের জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।’ (সুরা আল-বাকারা: আয়াত ২০১)

এটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক একটি দোয়া। এর মাধ্যমে দুনিয়ার শান্তি, সুস্থতা, হালাল রিজিক, নেক আমল ও আখিরাতের মুক্তি—সব ধরনের কল্যাণ চাওয়া যায়।

২. আমল ও প্রার্থনা কবুলের দোয়া

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: ‘রব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আনতাস সামিউল আলিম।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে (আমাদের আমল) কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা আল-বাকারা: আয়াত ১২৭)

হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) পবিত্র কাবাঘরের ভিত্তি নির্মাণের সময় এ দোয়া করেছিলেন। এ থেকে শিক্ষা পাওয়া যায়, ভালো কাজ সম্পন্ন করার পরও আল্লাহর কাছে তা কবুল হওয়ার প্রার্থনা করা উচিত।

৩. নিজেদের ও বংশধরদের আল্লাহর অনুগত রাখার দোয়া

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ: ‘রব্বানা ওয়াঝআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন জুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, ইন্নাকা আংতাত তাওয়াবুর রহিম।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের দুজনকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও আপনার অনুগত একটি জাতি তৈরি করুন। আমাদের ইবাদতের নিয়মকানুন দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি অত্যন্ত তওবা কবুলকারী, পরম দয়ালু।’ (সুরা আল-বাকারা: আয়াত ১২৮)

এ দোয়ার মাধ্যমে নিজের পাশাপাশি সন্তান-সন্ততি ও ভবিষ্যৎ প্রজন্মের ইমান, ইসলামি জীবনযাপন এবং আল্লাহর আনুগত্য কামনা করা যায়।

৪. বিপদে ধৈর্য ও অবিচলতা কামনার দোয়া

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

উচ্চারণ: ‘রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়াংসুরনা আলাল কাওমিল কাফিরিন।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের ওপর প্রচুর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবিচল রাখুন এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৫০)

হজরত তালুতের বাহিনীর মুমিনরা জালুতের বাহিনীর মুখোমুখি হওয়ার সময় এ দোয়া করেছিলেন। জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সাহস ও অবিচলতা কামনার জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়া।

দোয়া করার সময় আরও যেসব আদব মনে রাখবেন

দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠের পাশাপাশি কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। তাহলো—

  • একনিষ্ঠতা ও বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করা।
  • নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং তওবা করা।
  • দোয়ার সময় মনোযোগ ধরে রাখা এবং কী চাইছেন তা উপলব্ধি করা।
  • আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে প্রার্থনা করা।
  • দোয়া কবুল হতে দেরি হলে অধৈর্য না হওয়া।
  • হালাল উপার্জন ও হালাল খাবারের ব্যাপারে সচেতন থাকা।
  • নিজের পাশাপাশি মা-বাবা, পরিবার, আত্মীয়স্বজন ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা।

রাসুলুল্লাহ (সা.) দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। হাদিসে এসেছে—

يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي

‘তোমাদের কারও দোয়া কবুল হতে থাকে, যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে, আমি দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল হয়নি।’ (বুখারি ৬৩৪০, মুসলিম ২৭৩৫)

দোয়া শুধু প্রয়োজন পূরণের মাধ্যম নয়; এটি বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ। তাই দোয়ার সময় শুধু নিজের চাওয়া-পাওয়ার কথা বলার পরিবর্তে মহান আল্লাহর প্রশংসা, তার পবিত্রতা ও মহত্ত্ব বর্ণনা করা এবং প্রিয়নবী (সা.)-এর ওপর দরুদ পাঠ করা উচিত।

দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠের পর কুরআনে বর্ণিত এসব বরকতময় দোয়া পড়তে পারেন। এরপর নিজের ভাষায় মনের আকুতি, প্রয়োজন ও প্রত্যাশার কথা আল্লাহর কাছে তুলে ধরুন। কারণ আল্লাহ সব ভাষা বোঝেন, অন্তরের কথা জানেন এবং বান্দার প্রার্থনা শোনেন।

মনে রাখতে হবে, দোয়া কবুল হওয়ার অর্থ সব সময় বান্দার চাওয়া অনুযায়ী তাৎক্ষণিকভাবে পাওয়া নয়। আল্লাহ তার হিকমত অনুযায়ী বান্দার জন্য কল্যাণকর ফয়সালা করেন। তাই দোয়া করে হতাশ হওয়া যাবে না; বরং ধৈর্য, আশা ও দৃঢ় বিশ্বাস নিয়ে তার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের দোয়ার আদব ও পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের সব নেক দোয়া কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন। আমিন।

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৯:২২

▎সর্বশেষ

ad