
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে ভেঙে ছয় ভাগ করা হচ্ছে। এর মাধ্যমে ছয়টি আলাদা কোম্পানির সমন্বয়ে একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত হবে চীনা এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার ২৪ বছরের ইতিহাসে এই পুনর্গঠনকে আলিবাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সংস্কার হিসেবে অভিহিত করেছেন এর সিইও ড্যানিয়েল ঝ্যাং।
এই উদ্যোগের সামনে প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং থাকলেও আলিবাবার এই পুনর্গঠন প্রক্রিয়ার পেছনে এর প্রতিষ্ঠাতা জ্যাক মা ও চীন সরকারের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হয়, চীনা সরকারের সঙ্গে দ্বন্দ্বের জেরে ২০১৯ সালে আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন জ্যাক মা।
এরপর থেকেই অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি। এ ছাড়া বেইজিংয়ের তোপের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন বলেও ধারণা করা হয়। গত এক বছরে চীনের বাইরে কয়েকটি স্থানে স্বল্প সময়ের জন্য দেখা যায় তাকে। এরপর চলতি সপ্তাহে হঠাৎ দেশে ফেরেন তিনি।
করোনা মহামারির পর অর্থনীতির গতি পুনরুদ্ধারের জন্য বেসরকারি খাতকে আরও গতিশীল করতে চাচ্ছে চীনা সরকার। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও স্বাধীনতা দেয়ার নীতি নিয়েছে বেইজিং।
এর অংশ হিসেবেই ফের বিশ্বের সবচেয়ে খ্যাতনামা চীনা উদ্যোক্তা হিসেবে পরিচিত জ্যাক মাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় চীনের সরকার। তার দেশে ফেরার পরপরই আলিবাবাকে ভেঙে ছয়টি আলাদা প্রতিষ্ঠানে বিভক্ত করার ঘোষণা আসে।
ধারণা করা হচ্ছে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার পরিপ্রেক্ষিতে চীনে ফেরত গেছেন জ্যাক মা। আর তাকে চীনে ফেরানোর পেছনে মূল ভূমিকা পালন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ডান হাত হিসেবে বিবেচিত দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি কিয়াং। এই পদক্ষেপে আলিবাবার ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে আলিবাবার শেয়ারের দরে। মঙ্গলবার নিউ ইয়র্কে আলিবাবার শেয়ারমূল্য বেড়েছে ১৪ শতাংশ। বুধবার হংকংয়ে এর শেয়ারের দর বাড়ে ১৩ শতাংশের বেশি।
ছয় ভাগে ভাগ হওয়া আলিবাবার প্রতিটি কোম্পানির জন্য থাকছে আলাদা আলাদা প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ। ভাগ হওয়া ইউনিটগুলো হচ্ছে ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপ, তাওবাও টিমল বিজনেস গ্রুপ, লোকাল সার্ভিসেস গ্রুপ, কাইনিয়াও স্মার্ট লজিস্টিকস, গ্লোবাল ডিজিটাল কমার্স গ্রুপ এবং ডিজিটাল মিডিয়া ও এন্টারটেইনমেন্ট গ্রুপ। চীনের বাইরে থেকে তহবিল সংগ্রহ করতে পারবে এই প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি পারবে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে। শুধু চীনের ই-কমার্স ইউনিট তাওবাও টি মল কমার্স গ্রুপ সম্পূর্ণ আলিবাবার মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে থাকবে। আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং আলিবাবা গ্রুপের চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব সামলাবেন।
কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৪






