দান কবুল হওয়ার আবশ্যিক শর্ত

Ayesha Siddika | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২৩ - ০৯:০২:০৮ পিএম

ডেস্ক নিউজ : দান তথা আল্লাহর পথে ব্যয়ের মধ্যে মুসলিম সমাজের উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। কিন্তু সেই দান মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত আছে। নিম্নে সেসব শর্ত সম্পর্কে আলোচনা করা হলো—

সম্পদ পবিত্র ও হালাল হতে হবে : পবিত্র সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে। দান করতে হবে হালাল অর্থ থেকে। হারাম সম্পদ থেকে কোটি টাকা দান করলেও সওয়াবের আশা করা যাবে না। কেননা আল্লাহ তাআলা হালাল ও পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলেন, ‘হে বিশ্বাসীরা! তোমরা যা উপার্জন করো এবং যা আমি তোমাদের জন্য জমিতে উৎপন্ন করি, সেখান থেকে পবিত্র বস্তু ব্যয় করো।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬৭)

নিয়তের ওপর ভিত্তি করে দানের প্রতিদান দেওয়া হবে। রাসুল (সা.) বলেন, আমলের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল। আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। (বুখারি, হাদিস : ১)

যথাযোগ্য ব্যক্তিকে দান করতে হবে : যার জন্য ব্যয় করবে, তাকেও দান গ্রহণের যোগ্য হতে হবে। অযোগ্য ব্যক্তির জন্য ব্যয় করলে দান ব্যর্থ হবে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষ কী ব্যয় করবে—এ বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করে, বলে দাও, যে ধন-সম্পদ তোমরা ব্যয় করবে তা মা-বাবা, আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন এবং মুসাফিরের জন্য। উত্তম কাজের যা কিছু তোমরা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।’ (সুরা : বাকারা, আয়াত : ২১৬)

খোঁটা দানের মহিমা ক্ষুণ্ণ করে : খোঁটা দিলে দানের সুফল পাওয়া যায় না। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! তোমরা খোঁটা ও কষ্ট দিয়ে ওই ব্যক্তির মতো নিজেদের দান বিনষ্ট কোরো না, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নিজের অর্থ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে না।’  (সুরা : বাকারা, আয়াত : ২৬৪)

অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘যারা আল্লাহর পথে নিজেদের অর্থ-সম্পদ দান করে এবং দানের পর খোঁটা ও কষ্ট দেয় না, তাদের মালিকের কাছে তাদের জন্য আছে পুরস্কার, তা ছাড়া তাদের কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। একটি ভালো কথা আর ক্ষমাসুন্দর ব্যবহার, সেই দানের চেয়ে উত্তম, যার অনুগামী হয় কষ্টদান। মূলত আল্লাহ মুখাপেক্ষিতাহীন পরম সহিষ্ণু।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬২-২৬৩)

উৎকৃষ্ট বস্তু থেকে দান : দান করার ক্ষেত্রে ভালো ও উৎকৃষ্ট বস্তুকে প্রাধান্য দিতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! আল্লাহর পথে ব্যয় করো সেই উত্তম অর্থ-সম্পদ, যা তোমরা উপার্জন করেছ এবং যা আমি তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করে দিয়েছি। বেছে বেছে তা থেকে মন্দটা আল্লাহর পথে দিয়ো না। কারণ এমনটি যদি তোমাদের কেউ দেয়, তাহলে অবজ্ঞা প্রদর্শন করা ছাড়া তোমরাও তা গ্রহণ করবে না। জেনে রেখো, আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬৭)

যথাসাধ্য গোপনে দান : যথাসম্ভব গোপনে দান করতে হবে। যদিও নিয়ত বিশুদ্ধ হলে কোনো কোনো দান প্রকাশ্যেও করা যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তা ভালো। আর যদি গোপনে দরিদ্রদের দাও, তাহলে তা বেশি ভালো। এমনটি করলে তোমাদের বহু পাপ মুছে দেওয়া হবে। তোমরা যা-ই করো, আল্লাহ সে সম্পর্কে অবহিত।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭১)

 

 

কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০০

▎সর্বশেষ

ad