ডেস্কনিউজঃ রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর পর এনআইসিইউতে আরও পাঁচ শিশুর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
বুধবার (২৭ মে) আদ্-দ্বীন মেডিকেল হাসপাতালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। তবে এই পাঁচ শিশুর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রে জানা গেছে, এনআইসিইউতে চিকিৎসাধীন শিশুদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কয়েকজন শিশুর শরীর নীল বর্ণ ধারণ করেছে বলেও জানা গেছে।
এছাড়া এই ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি কোনো অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তিনি বলেন, পাঁচজন মায়ের ছয় নবজাতক মারা গেছে। আরও চার শিশুকে এনআইসিইউতে নেওয়া হয়েছে। পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা কঠিন।
তিনি আরও বলেন, হাসপাতালের ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়েছে কি না, সিসি ক্যামেরা ফুটেজে কতজন শিশু বের করা হয়েছে, তালিকাভুক্ত শিশুদের তথ্য সঠিক কি না এবং মৃত শিশুদের শারীরিক অবস্থা কেমন ছিল- এসব বিষয় তদন্ত করে দেখা জরুরি।
বিপুল/২৭.০৫.২০২৬/রাত ৯.২৬
