ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

জোট সরকার গঠনে বৈঠকে বসছেন নেতানিয়াহু ও আইজেনকোট

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ০৮:৩৮:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট জোট সরকার গঠনের লক্ষ্যে আজ রোববার (২৯ নভেম্বর) এক জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। গত মাসের নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা কাটাতে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের শর্তে নেতানিয়াহু একটি ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব দেওয়ার পরই এই বৈঠকের সিদ্ধান্ত হয়।

বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, গত অক্টোবরের শেষের দিকে ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচনে দেশটির প্রধান দুই রাজনৈতিক জোটের কেউই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন গাদি আইজেনকোটকে। দায়িত্ব পাওয়ার পর থেকেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একটি জোট সরকার গঠনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আরব-ইসরাইলি দলগুলোর সমর্থন নেওয়া নিয়ে নিজ জোটের ভেতরেই আপত্তি এবং কট্টর-অর্থোডক্স দলগুলোকে সাথে নিতে গেলে যেসব কঠিন শর্ত মানতে হবে, তা নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন আইজেনকোট।

শনিবার (২৮ নভেম্বর) রাতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এক বিবৃতিতে জানায়, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের মধ্যে ফোনালাপ হয়েছে এবং তারা রোববার সকাল ১০টায় বৈঠকে বসতে রাজি হয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই প্রধানমন্ত্রী আইজেনকোটের জোটের সাথে মিলে ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব দেন। সেখানে তিনি বলেন, একজন নেতা হিসেবে দায়িত্ববোধ থেকেই তিনি সবকিছু পেছনে ফেলে গাদি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে এবং নিজে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন।

শুরুতে ধারণা করা হয়েছিল, আইজেনকোট মূলত নেতানিয়াহু-বিরোধী দলগুলোকে নিয়েই জোট গড়বেন। কিন্তু পরবর্তীতে তিনি তার মধ্যপন্থি দল ‘ইয়াশার’-কে লিকুদ পার্টির সাথে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। যদিও গত শুক্রবারই সাবেক এই সেনাপ্রধান অভিযোগ করেছিলেন যে, দেশে নতুন করে আরেকটি নির্বাচন চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে লিকুদ পার্টি আলোচনায় ইচ্ছাকৃতভাবে দেরি করছে। শনিবারও তিনি দাবি করেন, তার দেওয়া একটি বিস্তারিত প্রস্তাবের কোনো জবাব লিকুদ দেয়নি। মূলত কট্টর-অর্থোডক্স দল, আরব-সংখ্যাগরিষ্ঠ জোট নাকি লিকুদের সাথে ঐক্যমত্যের সরকার—কোন পথে এগোবেন, তা নিয়ে আইজেনকোটের বড় জোটটির ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে।

এদিকে, পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়ে নেতানিয়াহুর এই প্রস্তাবকে শনিবার তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তার অন্যান্য বিরোধীরা। আরব-সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন বিদায়ী নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এই রক্তাক্ত ও দায়িত্বজ্ঞানহীন সরকারের অবশ্যই বিদায় নিতে হবে। উল্লেখ্য, জয়েন্ট লিস্ট সরাসরি সরকারে যোগ না দিলেও আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন দেবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী এবং মধ্যপন্থি বেয়াচাদ পার্টির সহ-সভাপতি ইয়ার লাপিদ নেতানিয়াহুর এই প্রস্তাবকে একজন পেশাদার প্রতারকের আরও একটি স্বচ্ছ চালবাজি হিসেবে অভিহিত করেছেন, যিনি অতীতে তার প্রতিটি জোটসঙ্গীকে ঠকিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন।

সূত্র: এএফপি

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad